Tuesday 18 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মডেলের হাতে অনন্ত জলিলের কেক খাওয়া— খেপলেন বর্ষা

এন্টারটেইনম্যান্ট ডেস্ক
৩ জুন ২০২৫ ১৪:০৫ | আপডেট: ৩ জুন ২০২৫ ১৪:২৬

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত তারকা জুটি চিত্রনায়ক অনন্ত জলিল ও তার স্ত্রী চিত্রনায়িকা আফিয়া নুসরাত বর্ষা দীর্ঘদিন ধরেই একসঙ্গে কাজ করে আসছেন। পর্দার পাশাপাশি বাস্তব জীবনেও তাদের সম্পর্কের রসায়ন বারবার প্রশংসিত হয়েছে। দর্শকমহলে এই দম্পতি শুধু তাদের সিনেমার জন্য নয়, ব্যক্তিগত জীবন ও একে অপরের প্রতি ভালোবাসা, সম্মান ও আস্থার জন্যও বিশেষভাবে জনপ্রিয়।

সম্প্রতি একটি অনুষ্ঠানের ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে দেখা যায়, অনন্ত জলিলকে কেক খাইয়ে দিচ্ছেন মডেল নাজমি জান্নাত। ভিডিওতে এরপর বর্ষাকে কিছুটা বিরক্ত ভঙ্গিতে অনুষ্ঠানস্থল ত্যাগ করতে দেখা যায়। এই দৃশ্য ঘিরে কিছু সংবাদমাধ্যম দাবি করেছে— ‘অন্য নারীর হাতে অনন্ত কেক খেয়েছেন বলে ক্ষুব্ধ হয়ে অনুষ্ঠান ত্যাগ করেছেন বর্ষা।’

বিজ্ঞাপন

তবে এসব খবরকে ভিত্তিহীন ও অতিরঞ্জিত বলে দাবি করেছেন বর্ষা নিজেই। সোমবার (২ জুন) বিকেল ৫টার দিকে নিজের ফেসবুক পেজে একটি স্ট্যাটাসে ক্ষোভ প্রকাশ করে বর্ষা লেখেন,

‘সঠিক তথ্য না জেনে খবর প্রকাশ করা কোন দেশের কাজ? নিজেই জানলাম না, কে কাকে কি খেতে দিয়েছে এবং চামচ দিয়ে দিয়েছে, না চামচ ছাড়া, চিনি যুক্ত, না চিনি ছাড়া।’

পোস্টের কমেন্টে তিনি আরও লেখেন,

‘বিনোদনের বাইরেও মিডিয়ার শক্তি সেই। পাকা আমকে আমরা ছোট পাকা পেঁপে ভাবা বান্দা।’

বর্ষার বক্তব্য থেকে স্পষ্ট, ঘটনাটি নিয়ে ভুল ব্যাখ্যা করা হয়েছে এবং তার সঙ্গে অনন্তের সম্পর্কে কোনো টানাপোড়েন নেই। অতীতে বহুবার অনন্ত জলিল প্রকাশ্যে জানিয়েছেন, বর্ষার প্রতি তার অগাধ ভালোবাসা ও শ্রদ্ধা। দর্শকের কাছেও তারা একসঙ্গে পর্দায় আসা মানেই এক অন্যরকম আকর্ষণ।

অভিনয় জীবন থেকে শুরু করে ব্যক্তিগত জীবন—সবকিছুতেই বর্ষা ও অনন্ত জুটির পারস্পরিক বন্ধন এবং সম্মান বরাবরই দৃশ্যমান। তাই এমন তুচ্ছ একটি ঘটনার ভুল ব্যাখ্যা দিয়ে সংবাদ পরিবেশন করায় তিনি ক্ষুব্ধ হয়েছেন এবং সাংবাদিকদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন।

সারাবাংলা/জিএস/এএসজি