Tuesday 18 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ঈদের দিনে ‘ঘ্রাণ’

এন্টারটেইনম্যান্ট ডেস্ক
৬ জুন ২০২৫ ১৭:০৪

ঈদুল আজহা উপলক্ষে নির্মিত হলো একক নাটক ‘ঘ্রাণ’। মাসরিকুল আলম-এর রচনা ও পরিচালনায় এতে অভিনয় করেছেন অপূর্ব, নাজনীন নিহা প্রমুখ।

নাটকের গল্পে দেখা যাবে, নিউ মার্কেটের এক শাড়ির দোকানের সামনে দাঁড়িয়ে আছে তমাল। দোকানের ভেতর ঢুকতে যাবে তখন এক ভদ্রমহিলা অনেকগুলো শপিংব্যাগ হাতে বের হচ্ছেন। তমাল সামনে গিয়ে ওই মহিলাকে একটু দাঁড়ানোর জন্য অনুরোধ করে। তমাল বলে, হাতে সময় থাকলে তিনি যেন তমালকে একটু সহায়তা করেন। ভদ্রমহিলা বিরক্তি প্রকাশ করে নানা কথা শোনাতে থাকেন। তমাল বলে, ‘আপনি আমাকে ভুল বুঝছেন। আসলে আমি আমার মায়ের জন্য একটা শাড়ি কিনবো, কিন্তু আমি এ বিষয়ে একদমই আনাড়ি। আপনি যদি আমাকে একটু হেল্প করতেন তাহলে উপকৃত হতাম। আজ মায়ের জন্মদিন। এ উপলক্ষে মাকে একটা সুন্দর শাড়ি দিতে চাই’।

বিজ্ঞাপন

এসব শোনার পর ভদ্রমহিলা রাজি হন তমালকে হেল্প করতে। দোকানে গিয়ে একটা শাড়ি পছন্দ করেন। তমাল কোন দামাদামি না করেই শাড়িটা কিনে নেয়। তমাল ওনাকে ধন্যবাদ জানিয়ে বিদায় নেয়। এরপর রাস্তায় এক বয়স্ক মহিলাকে জুবথবু হয়ে বসে ভিক্ষা করতে দেখলে তার কাছে যায়। কিছু খোঁজ খবর নেয়ার পর তাকে শাড়িটা দিয়ে দেয়। প্যাকেট থেকে শাড়িটা খুলে তার গায়ে জড়িয়ে দিলে মহিলাটি আবেগাপ্লুত হয়ে তমালকে জড়িয়ে ধরে। মহিলার গায়ের একটা ঘ্রাণ তমালের নাকে আসে যে ঘ্রাণটি ঠিক তার মায়ের গায়ের ঘ্রাণের মতো মনে হয় তার কাছে।

এমন সময় শাড়ি কিনতে সাহায্য করা সেই মহিলা পেছন থেকে ডাক দেয় তমালকে। দূর থেকে তিনি বিষয়টা খেয়াল করেছেন। তমালের কাছে বিষয়টা জানতে চাইলে সে বলে তার মা অনেক দূরে থাকে তো তাই মাকে শাড়িটা দিতে পারবে না। ভদ্রমহিলা বলেন, ‘তোমার মা কত দূরে থাকেন যে তুমি শাড়িটা পৌঁছে দিতে পারবে না।’ তমাল তখন আকাশের দিকে আঙ্গুল তুলে দেখায়।

‘ঘ্রাণ’ প্রচারিত হবে ঈদের দিন বিকাল ৫টা ৫০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে।

সারাবাংলা/এএসজি