Tuesday 18 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ঈদে মাবরুর রশীদ বান্নাহ’র ‘লাভ ইন দ্য এয়ার’

এন্টারটেইনম্যান্ট ডেস্ক
৭ জুন ২০২৫ ১৭:২৬

ঈদুল আজহা উপলক্ষে জনপ্রিয় নির্মাতা মাবরুর রশীদ বান্নাহ নির্মাণ করলেন একক নাটক ‘লাভ ইন দ্য এয়ার’। তার রচনা ও পরিচালনায় এই নাটকে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন মুশফিক ফারহান ও আইশা খান।

নাটকের গল্পে দেখা যাবে, ফারহানের সাথে আইশার পরিচয় হয় অস্ট্রেলিয়াতে। অল্প সময়ের মধ্যে ভালো বন্ধুত্ব হয়ে যায় তাদের। এরপর প্রেম। দু’জন একসঙ্গে ঘুরে বেড়ায়। ফারহান খুব কেয়ারিং। আইশার যে কোন প্রয়োজনে বিনা প্রশ্নে এগিয়ে আসে। যা করতে বলে তাই করে। কোন কাজে না করে না। আসলে আইশাকে সে এত বেশি ভালোবেসে ফেলেছে যে তার জন্য সবকিছু করতে রাজি। প্রেমের হাওয়ায় রীতিমত ভাসতে থাকে দু’জন।

বিজ্ঞাপন

কিছুদিন পর ফারহানকে এড়িয়ে চলতে শুরু করে আইশা। ফারহান বুঝতে পারে কিন্তু সে আগের মতোই আইশার পাশে থাকতে চেষ্টা করে। একদিন আইশাকে অন্য একটি ছেলের সাথে ঘুরতে দেখে। আইশাকে ফোন করলে সে কেটে দেয়। পরে ছেলেটি সম্পর্কে জিজ্ঞেস করলে এমন ভাব করে যেন এটা কোন ব্যাপারই না। ফারহান কষ্ট পায়। আরেকদিন ওই ছেলের সাথে আইশাকে রুমে ঘনিষ্ঠ অবস্থায় দেখতে পায়। এরপর আর চুপচাপ সহ্য করতে পারে না ফারহান। মুখোমুখি আইশার সাথে ঝগড়া করে। আইশা সরাসরি বলে দেয় ফারহানকে আর ভালো লাগে না তার। সে যেন তাকে আর বিরক্ত না করে। ফারহানের মাথায় যেন আকাশ ভেঙ্গে পড়ে। এলোমেলো হয়ে যায় তার জীবনযাপন। কিন্তু কেন এমন করলো আইশা? সে কি সত্যিই আর ফারহানের জীবনে ফিরে আসবে না?

‘লাভ ইন দ্য এয়ার’ প্রচারিত হবে ঈদের ২য় দিন (রোববার) বিকাল ৫টা ৫০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে।

সারাবাংলা/এএসজি