Tuesday 18 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মোশাররফ করিমের ‘হাফ বয়েল ভালোবাসা’

এন্টারটেইনম্যান্ট ডেস্ক
৭ জুন ২০২৫ ২০:১৬

রহমতের বয়স ২৮। কাতার প্রবাসী শ্রমিক। আট বছরের কঠোর পরিশ্রম শেষে দেশে ফিরে একটি পাইকারী ডিমের দোকান দিয়েছেন। বয়স হয়েছে। বিয়ের উদ্দেশ্যে আয়াতের বাসায় উপস্থিত হয় রহমত। অনার্স প্রথম বর্ষের ছাত্রী আয়াত। যেমন সুন্দরী, তেমন মেধাবী। পূর্বপরিচিত হওয়ার আগে থেকেই আয়াতের ব্যাপারে দুর্বলতা ছিলো রহমতের। সেটা এখন বিয়েতে রূপ নেওয়ার অপেক্ষায়।

একান্তে কথা বলার জন্য বাড়ীর পাশে বের হয় রহমত ও আয়াত। সেখানেই বাঁধে গন্ডগোল। সিফাত নামের এক টিকটকার রহমতের মুখে ডিম ছুড়ে ভিডিও রেকর্ড করে নেয়। পরবর্তীতে ম্যাসিভ আকারে ভিডিওটি ভাইরাল হয়। গ্রামে, শহরে পুরো বাংলাদেশে রহমতের নতুন নাম হয়ে ওঠে ডিম কাকু। উক্ত বিষয় জানতে পেরে, কালু মুন্সীর কাছে নালিশ নিয়ে যায় রহমত। সিফাতের বাবা কালু মুন্সী মেম্বার। প্রচন্ড প্রভাবশালী হওয়ায় বিচার শুনে রহমতকে অপমান করে বের করে দেয় কালু মুন্সী।

বিজ্ঞাপন

বাসায় ফিরেও নিজেকে ক্ষমা করতে পারে না। ডিমের ট্রমার আটকে যায় রহমত। সবাই তাকে নিয়ে হাসা হাসি করে। মার্কেটিং করতে গেলেও ভিডিও দেখে ট্রলের স্বীকার হয়। আম্মা, আয়াত কাউকেই নিজের কষ্ট বোঝাতে পারে না রহমত। সব সময় নিজেকে ছোট মনে হতে থাকে। বিচারের দাবিতে, এলাকার চেয়ারম্যানের কাছে হাজির হয় রহমত। নাজির চেয়ারম্যন। রহমতের থেকে পুরো বিষয়টা শুনে তার পাশে থাকার সম্মতি জানায় নাজির। কিন্তু কালু মুন্সীর নাম শুনেই ঝামেলা মিটিয়ে নেওয়ার অনুরোধ জানায়। বলেন, এই ধরনের ছোট খাটো ঘটনায় রাগ করতে নাই। মিটিয়ে নেও। জনগনের ভোটে নির্বাচিত চেয়ারম্যানের কথা শুনে বিচারের আশা ছেড়ে দেয় রহমত।

ওদিকে ভাইরাল মানুষের সাথে আয়াতের বিয়ে দিতে চায় না মোকলেস মিয়া। চেয়ারম্যানের কাছে নালিশ দেওয়ায় বাড়ীতে এসে রহমতের আম্মাকে শাসিয়ে যায় কালু মুন্সী। আয়াত ও রহমতের বিয়েটা ভেঙে যায়। দেশের বিচার ব্যাবস্থার উপর আস্থা হারিয়ে, আম্মার অনুরোধে প্রবাসের উদ্দেশ্যে রওনা দেয় রহমত। আয়াতের ও আম্মার জন্য ভিষন কষ্ট হয় রহমতের কিন্তু এই অপমানও তো স্বাভাবিক নয়। দেশের মাটিতে সুখে শান্তিতে থাকার স্বপ্ন ভেঙে যায়।

এমনই এক নির্মিত হলো একক নাটক ‘হাফ বয়েল ভালোবাসা’। দয়াল সাহার রচনা ও বর্ণ নাথ-এর পরিচালনায় এতে অভিনয় করেছেন মোশাররফ করিম, সামান্থা, জয়রাজ প্রমুখ। প্রচারিত হবে ঈদের ২য় দিন (রোববার) রাত ৮টায় মাছরাঙা টেলিভিশনে।

সারাবাংলা/এএসজি