Tuesday 18 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘উৎসব’ দিয়ে ফিরে এলেন অপি করিম

এন্টারটেইনম্যান্ট ডেস্ক
১৩ জুন ২০২৫ ১৪:৪০

দীর্ঘ দুই বছর পর বড় পর্দায় ফিরলেন গুণী অভিনেত্রী অপি করিম। সর্বশেষ তাকে দেখা গিয়েছিল আলোচিত যৌথ প্রযোজনার সিনেমা মায়ার জঞ্জাল-এ। এবার ঈদুল আজহায় মুক্তি পেয়েছে তার নতুন সিনেমা উৎসব—যা পরিচালনা করেছেন তানিম নূর। সিনেমাটি এরই মধ্যে দর্শকদের মধ্যে আলোচনার জন্ম দিয়েছে।

সিনেমার প্রচারে গিয়ে অপি করিম জানালেন, এই সিনেমাটি শুধুমাত্র একটি গল্প নয়, বরং সময়ের সঙ্গে মানুষের আবেগ, স্মৃতি এবং সম্পর্কের এক জীবন্ত দলিল। তার ভাষায়, “উৎসব’ সিনেমাতে নির্মাতা তানিম নূর যেভাবে দর্শকদের সঙ্গে সংযোগ তৈরি করতে চেয়েছেন, সেটা করতে পেরেছেন। এখানে আমরা সবাই যেন সহযোদ্ধা ছিলাম। বিশেষ করে জাহিদ ভাইয়ের কথা না বললেই নয়—তিনি যেন পুরো সিনেমার সময়-সংযোগ তৈরি করেছেন, ৯০ দশক থেকে ২০২৫ সাল পর্যন্ত আমাদের টেনে এনেছেন।”

বিজ্ঞাপন

অভিনয়ে দীর্ঘ বিরতির পর দর্শকের ভালোবাসা নিয়ে ভীষণ আপ্লুত অপি করিম। বললেন, ‘আমি এমনিতেই কাজ কম করি। তাই মাঝে মাঝে সংশয় কাজ করে—দর্শক আমাকে মনে রেখেছেন তো? সিনেমা মুক্তির পর সেই সংশয় কেটে গেছে। দর্শকের ভালোবাসা পেয়েছি, এটাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি।’

তিনি আরও বলেন, ‘এই ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলো একেকটি আলাদা জনরায়। উৎসব–এ নানা প্রজন্মের দর্শক সাড়া দিচ্ছেন, এটা আমাদের দলের জন্য বড় পাওয়া। দর্শক যখন ভালো কাজ পছন্দ করেন, তখন আরও ভালো কাজ করতে মন চায়।’

বর্তমান সময়ের বিনোদন মাধ্যম নিয়ে আশাবাদী অপি করিম। বলেন, ‘শুধু সিনেমা নয়, নাটক, ওটিটি—সব প্ল্যাটফর্মেই এখন অনেক ভালো কন্টেন্ট তৈরি হচ্ছে। আমি চাই, দর্শক সেসব ভালো কনটেন্ট দেখুক। আমরা অনেক কষ্ট করে কাজ করি, দর্শকের ভালোবাসা পেলেই সেই কষ্ট সার্থক হয়।’

সারাবাংলা/এফএন/এএসজি