Tuesday 18 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ছোটখাটো কারণেই ডিভোর্স, আর টাকা নিয়ে চলে যায় মেয়েরা: সালমান

এন্টারটেইনম্যান্ট ডেস্ক
১৬ জুন ২০২৫ ১৭:১০

বলিউডের ভাইজান সালমান খান বরাবরই স্পষ্টভাষী। পর্দায় যেমন শক্তিশালী চরিত্রে অভিনয় করেন, তেমনি ব্যক্তিগত জীবনের নানা প্রশ্নে মুখ খুলতেও তিনি দ্বিধা করেন না। তবে এবার তার এক বক্তব্য ঘিরে তোলপাড় শুরু হয়েছে নেটদুনিয়ায়। ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-তে ডিভোর্স ও আর্থিক বিষয়ক মন্তব্য করে বিতর্কের কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন এই সুপারস্টার।

শোতে হাস্যরসের মাঝে হঠাৎই উঠে আসে আধুনিক সম্পর্কের টানাপোড়েন প্রসঙ্গ। তখনই সালমান খান বলেন—
‘আগে মানুষ একে অপরের জন্য ত্যাগ স্বীকার করত। মানিয়ে চলার মানসিকতা ছিল। এখন রাতে কেউ গায়ের উপর পা রাখল বা নাক ডাকল, এমন ছোট ছোট কারণেই ডিভোর্স হয়ে যায়। আর একবার ডিভোর্স হলে তো ছেলেদের অর্ধেক টাকা মেয়েরা নিয়ে যায়।’

বিজ্ঞাপন

এই মন্তব্যে মঞ্চে উপস্থিত কপিল শর্মা, অর্চনা পূরণ সিং এবং নভজ্যোৎ সিং সিধু হেসে উঠলেও, নেটদুনিয়ার অনেকেই ততটা হাসি হাসেননি। বরং শুরু হয় সমালোচনার ঝড়।

সোশ্যাল মিডিয়ায় কেউ কেউ সালমানের কথায় সমর্থন জানিয়ে বলেছেন, ‘এই কথাগুলোই তো আজকের বাস্তবতা।’ আবার অনেকে এটিকে ‘পুরুষতান্ত্রিক ও অবমাননাকর’ দৃষ্টিভঙ্গি বলেও আখ্যা দিয়েছেন।

নারীবাদী অনেক সংগঠন এবং লেখকরা প্রশ্ন তুলেছেন— ‘একটি সম্পর্ক ভাঙার পেছনে যদি ছোটখাটো বিষয়ই দায়ী হয়, তাহলে সেই সম্পর্ক কি আদৌ টেকসই ছিল? এবং অর্থনৈতিক সমানাধিকারের এই যুগে নারীর অধিকার পাওয়া কি এতটা খাটো করে দেখানো উচিত।’

সালমান খান নিজের বিয়ে না হওয়া নিয়ে বহুবার বিভিন্ন সাক্ষাৎকারে ঠাট্টা করে মন্তব্য করেছেন। কিন্তু এবার বিয়ে, বিচ্ছেদ ও আর্থিক বিষয়ক মন্তব্য তার ব্যক্তিজীবনের প্রতি নতুন করে প্রশ্ন তুলেছে। অনেকে বলছেন, সালমান হয়তো নিজের চারপাশে দেখা অভিজ্ঞতা থেকেই এমন মন্তব্য করেছেন। আবার কেউ বলছেন, বলিউডের মতো জায়গায় এমন মন্তব্য দায়িত্বজ্ঞানহীন।

সালমান খানকে শেষ দেখা গেছে ‘সিকান্দার’ ছবিতে। যদিও ছবিটি শুরুতে কিছুটা দর্শক টানলেও, শেষ পর্যন্ত বক্স অফিসে তেমন সাফল্য পায়নি। প্রায় ১০০ কোটির ক্লাবে প্রবেশ করলেও বিশ্লেষকরা একে ফ্লপ হিসেবেই গণ্য করছেন।

তবে সামনে বড় চমক নিয়ে ফিরছেন সালমান। শিগগিরই শুরু হচ্ছে তার পরবর্তী ছবির শুটিং। অপূর্ব লঙ্কার পরিচালনায় তৈরি হতে যাওয়া ছবির পটভূমি গড়ে উঠেছে ২০২০ সালের গালওয়ান উপত্যকার সংঘর্ষকে কেন্দ্র করে।

ছবির নাম এখনো চূড়ান্ত না হলেও জানা গেছে, এটি ‘ইন্ডিয়াজ মোস্ট ফিয়ারলেস ৩’ বই অবলম্বনে নির্মিত হচ্ছে এবং ছবিতে সালমানকে দেখা যাবে ১৬ বিহার রেজিমেন্টের কমান্ডিং অফিসার কর্নেল বি সন্তোষ বাবুর চরিত্রে।

এ ছবির মাধ্যমে সালমান প্রথমবারের মতো বাস্তব জীবনের একজন শহীদ সেনার চরিত্রে অভিনয় করতে চলেছেন, যেটিকে তিনি নিজেও অত্যন্ত সম্মানের ও দায়িত্বপূর্ণ কাজ বলে উল্লেখ করেছেন।

সারাবাংলা/এফএন/এএসজি