Tuesday 18 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কেটি পেরির সংসারে ভাঙ্গন!

এন্টারটেইনমেন্ট ডেস্ক
২৬ জুন ২০২৫ ১৭:৫৩

ঢালিউডের সবচেয়ে আলোচিত প্রেমকাহিনিগুলোর একটি ছিল কেটি পেরি ও অরল্যান্ডো ব্লুমের সম্পর্ক। গানের সুর আর অভিনয়ের আলো ছুঁয়ে শুরু হয়েছিল যাত্রা— আর শেষটাও হলো অনেকটাই নিঃশব্দে। মার্কিন সাময়িকী US Weekly জানিয়েছে, বিচ্ছেদের গুঞ্জনের অবসান ঘটিয়ে এই দুই তারকা আনুষ্ঠানিকভাবেই সম্পর্কের ইতি টেনেছেন।

গত কয়েক সপ্তাহ ধরেই ইন্ডাস্ট্রিতে কানাঘুষা চলছিল— কেটি ও অরল্যান্ডোর সম্পর্ক আর আগের মতো নেই। অবশেষে ঘনিষ্ঠ সূত্রের বরাতে এ খবর নিশ্চিত করেছে গণমাধ্যম। যদিও দুজনের কেউই এখনও আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেননি।

তবে, এই বিচ্ছেদ নেহাত নাটকীয় বা বিবাদের মধ্যে দিয়ে হয়নি—বরং শান্ত ও পরিপক্বভাবে। বলা হচ্ছে, তারা বন্ধুত্বপূর্ণভাবেই আলাদা হয়েছেন।

বিজ্ঞাপন

সবচেয়ে কৌতূহলের জন্ম দেয় তাদের বিচ্ছেদের ঠিক আগে ঘটে যাওয়া একটি ঘটনা। কেটি পেরির অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত কনসার্টে হঠাৎ করেই হাজির হন অরল্যান্ডো ব্লুম, সঙ্গে ছিল তাদের পাঁচ বছর বয়সী কন্যা ডেইজি ডাভ। সেই মুহূর্তে অনেকেই ধরে নিয়েছিলেন, সম্পর্ক হয়তো আবারো গাঢ় হচ্ছে।

কিন্তু পরে জানা যায়, সেই সফরেই তারা নিজেদের ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেন— একে অপরকে ভালোবাসলেও, একসঙ্গে থাকা আর সম্ভব নয়।

২০১৬ সালের গোল্ডেন গ্লোবস পার্টিতে প্রথম দেখা কেটি ও অরল্যান্ডোর। তারপর থেকে প্রেম, বিচ্ছেদ, আবার ফিরে আসা— সব মিলিয়ে তাদের সম্পর্ক যেন একটি সিনেমার মতোই।

২০১৭ সালে একবার আলাদা হয়ে যান, আবার মিলন হয়। ২০১৯ সালে হয় বাগ্দান, আর ২০২০ সালে জন্ম নেয় তাদের কন্যাসন্তান ডেইজি ডাভ ব্লুম।

এখন তারা দুজনেই নিজেদের নতুন যাত্রার জন্য প্রস্তুত। কেটি ব্যস্ত তার সঙ্গীত সফর নিয়ে, অরল্যান্ডো চলচ্চিত্র ও সামাজিক কাজ নিয়ে এগোচ্ছেন। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ, তারা দুজনেই মেয়েকে ঘিরে ভালোবাসা ও দায়িত্ববোধে একত্রিত থাকবেন— এমনটাই জানিয়েছেন ঘনিষ্ঠরা।

এই বিচ্ছেদের খবরে হতাশ হয়েছেন ভক্তরা। সোশ্যাল মিডিয়ায় অনেকে লিখেছেন, ‘যখন মনে হচ্ছিল ভালোবাসা ফিরে এসেছে, তখনই কেন ভেঙে গেল সব?’ তবে অনেকেই কেটি-অরল্যান্ডোর পরিণত সিদ্ধান্ত ও বন্ধুত্বপূর্ণ আলাদা হওয়ার বিষয়টিকে সম্মান জানিয়েছেন।

সারাবাংলা/এফএন/এএসজি