Tuesday 18 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাজ রিপার ‘ময়না’ দিয়ে ঢালিউডে সাহসী যাত্রা

এন্টারটেইনম্যান্ট ডেস্ক
২৯ জুন ২০২৫ ২০:২৯

ঢালিউডে নতুন মুখ রাজ রিপা। সদ্য মুক্তিপ্রাপ্ত ‘ময়না’ চলচ্চিত্রের মাধ্যমে তিনি প্রথমবার বড় পর্দায় পা রাখলেন। ভালোবাসা দিবসকে ঘিরে মুক্তিপ্রাপ্ত এই সিনেমায় রাজ রিপার অভিনীত চরিত্রটি যেমন আলোচনায় এসেছে, তেমনি কিছু অন্তরঙ্গ দৃশ্য নিয়ে সৃষ্টি হয়েছে বিতর্কও। তবে নিজের অবস্থান স্পষ্ট করে সাহসী কণ্ঠে কথা বলেছেন রাজ রিপা।

পরিচালক মনজুরুল ইসলাম মেঘের ‘ময়না’ সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছেন রাজ রিপা। চরিত্রটি জটিল, আবেগপ্রবণ এবং বাস্তব জীবনের নানা স্তরের প্রতিচ্ছবি। চারজন পুরুষ চরিত্রের বিপরীতে ‘ময়না’ যে গল্পে এগিয়ে চলে, তাতে সমাজের এক অন্ধকার পাশ তুলে ধরা হয়েছে। সেই জায়গায় কিছু ঘনিষ্ঠ ও সাহসী দৃশ্যও ছিল, যা নিয়ে দর্শকের মাঝে দ্বিধা তৈরি হয়।

বিজ্ঞাপন

তবে অভিনেত্রী জানালেন, সব দৃশ্য তার নিয়ন্ত্রণে ছিল না। তিনি নিজেই বলেন, ‘ময়নার মধ্যে আরও কিছু বেশি সাহসী সিন চাওয়া হয়েছিল। কিন্তু আমি নিজে না করে দিয়েছি। ডিরেক্টরকে বলেছি, এটা আমার জন্য সম্ভব না।’

যেসব ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে আলোচনা হয়েছে, সেগুলোর বিষয়ে রাজ রিপা পরিষ্কার করেছেন, চরিত্রের প্রয়োজনে সীমার মধ্যে থেকেই তিনি অভিনয় করেছেন। ‘আমি কিস করেছি আমি হয়ে নয়, ময়না হয়ে। আমি নিজের মতো করে সীমা রেখেছি, পোশাকের মাধ্যমে কিছুটা শালীনতা রাখার চেষ্টা করেছি।’

বলিউড-হলিউডের প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, ‘ওখানে চরিত্রের প্রয়োজনে অনেক বেশি সাহসী দৃশ্য করা হয়। আমাদের দেশে সেটাকে অনেক সময় ভুলভাবে দেখা হয়।’

‘ময়না’ শুধুমাত্র দেশেই নয়, আন্তর্জাতিক পরিমণ্ডলেও প্রশংসিত হয়েছে। লন্ডনের ২৫তম ইএমএমএএস বিবিসি ফেস্টিভ্যালে ‘সেরা ফিল্ম প্রডাকশন-এর স্বীকৃতি পেয়েছে। ইতালির কলিজিয়াম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৩ এবং ভারতের গোল্ডেন জুরি চলচ্চিত্র উৎসব ২০২৩-এ সেমিফাইনালিস্ট হয়ে পেয়েছে বিশেষ পুরস্কার। এইসব অর্জন প্রমাণ করে, গল্প এবং শিল্প মানের দিক থেকে ‘ময়না’ একটি গুরুত্বপূর্ণ সিনেমা।

রাজ রিপার ভাষায়, ‘আমার চরিত্রটা এমন যে, আমি ভালোর মাঝে খারাপ। সমাজে এমন অনেক নারী আছে, যারা পরিস্থিতির শিকার হয়—তাদের গল্প বলতেই আমি ময়নাকে বেছে নিয়েছি।’ এই বক্তব্যই জানান দেয়, একজন অভিনয়শিল্পী হিসেবে রাজ রিপা কেবল বাহ্যিক সৌন্দর্য বা গ্ল্যামার নয়, বরং চরিত্রের গভীরতা এবং অর্থবহ বার্তাকেই বেশি প্রাধান্য দেন।

সারাবাংলা/এফএন/এএসজি
বিজ্ঞাপন

আরো