Sunday 16 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘গোলমাল ৫’-এ কারিনার প্রত্যাবর্তন

এন্টারটেইনমেন্ট ডেস্ক
১০ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:১৮

বলিউডের দর্শকদের হাসাতে আবারও বড় পর্দায় ফিরছে রোহিত শেট্টির জনপ্রিয় কমেডি ফ্র্যাঞ্চাইজি ‘গোলমাল’। পঞ্চম কিস্তি নির্মাণের ঘোষণার পর থেকেই এই সিনেমা নিয়ে শুরু হয়েছে ব্যাপক উন্মাদনা। তবে এবারের কিস্তির সবচেয়ে বড় আকর্ষণ হিসেবে আলোচনায় উঠে এসেছেন নবাবপত্নী কারিনা কাপুর খান। দীর্ঘ বিরতির পর আবারও ‘গোলমাল’-এর দুনিয়ায় ফিরছেন তিনি। ইতোমধ্যেই এই ছবির জন্য কারিনা চুক্তিবদ্ধ হয়েছেন বলে বলিউডের একাধিক সংবাদমাধ্যম নিশ্চিত করেছে। এর আগে ‘গোলমাল ৩’ সিনেমায় তার প্রাণবন্ত অভিনয় দর্শকদের মনে গভীর ছাপ ফেলেছিল, আর সেই জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতার কথা মাথায় রেখেই রোহিত শেট্টি এবার তাকে ফিরিয়ে আনছেন।

বিজ্ঞাপন

কারিনা কাপুরের ফেরার পাশাপাশি ‘গোলমাল ৫’ হতে যাচ্ছে এক জাঁকজমকপূর্ণ পুনর্মিলনী। সিনেমার অন্যতম প্রধান চরিত্র ‘গোপাল’ হিসেবে আবারও থাকছেন অজয় দেবগণ। ফলে দীর্ঘদিন পর পর্দায় ফিরছে অজয়-কারিনা জুটির রসায়ন। এছাড়াও এই কিস্তিতে দেখা যাবে ফ্র্যাঞ্চাইজির পরিচিত মুখ আরশাদ ওয়ারসি, তুষার কাপুর, শ্রেয়াস তালপাড়ে এবং কুণাল খেমুকে। এমনকি ২০০৬ সালের প্রথম কিস্তিতে অভিনয় করা শারমান যোশীও এই টিমে ফিরতে পারেন বলে জানা গেছে। জনি লিভার থেকে শুরু করে অশ্বিনী কালেশকর, পুরোনো প্রায় সব মুখকে একসঙ্গে দেখার সুযোগ পাবেন দর্শকরা।

তবে এবারের ছবির বড় চমকটি তুলে রাখা হয়েছে খল চরিত্রের জন্য। প্রথমবারের মতো এই সিরিজে যোগ দিচ্ছেন বলিউডের খিলাড়ি অক্ষয় কুমার। তাকে দেখা যাবে একেবারেই ভিন্নধর্মী একটি নেতিবাচক চরিত্রে, যা সিনেমার বিনোদনে নতুন মাত্রা যোগ করবে। নির্মাতা রোহিত শেট্টি জানিয়েছেন, ছবির প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে এবং খুব দ্রুতই শুরু হবে দৃশ্যধারণের কাজ। পুরোনো টিমের সখ্যতা আর নতুন চরিত্রের রোমাঞ্চ সব মিলিয়ে ‘গোলমাল ৫’ যে বলিউড বক্স অফিসে ঝড় তুলবে, তা বলাই বাহুল্য।

সারাবাংলা/এফএন/এএসজি
বিজ্ঞাপন

আরো