Sunday 16 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

হারিয়ে যাওয়া শিশুকে গানে গানে ফিরিয়ে দিলেন সোনু নিগাম

এন্টারটেইনমেন্ট ডেস্ক
১১ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:৩৩

কনসার্টের মঞ্চে তখন আলো আর উচ্ছ্বাসের ঝলকানি। কর্নাটকের হুব্বালি শহরে প্রায় ৩০ হাজার দর্শকের উপস্থিতিতে জমে উঠেছিল সোনু নিগামের সংগীতানুষ্ঠান। ঠিক সেই সময়ই ভিড়ের মধ্যে হারিয়ে যায় একটি শিশু। পরিবারকে খুঁজে না পেয়ে আতঙ্কে কাঁপছিল সে।

পরিস্থিতি নজরে আসতেই শিশুটিকে মঞ্চে তুলে নেন সোনু নিগাম। ছোট্ট হাতটি নিজের হাতে নিয়ে তিনি মঞ্চজুড়ে হাঁটতে থাকেন এবং গানের সুরেই ঘোষণা দেন— শিশুটির মা-বাবা যেন এগিয়ে এসে তাকে নিয়ে যান। মজার ছলে তিনি গাইতে শুরু করেন, ‘শ্রী সাই আ যাও, মম্মি পাপা ইসকো লে যাও…’। দর্শকদের উদ্দেশে করা এই গানের আহ্বান মুহূর্তেই ছড়িয়ে পড়ে পুরো ভেন্যুতে।

বিজ্ঞাপন

গানের সুরে ধীরে ধীরে শিশুটির ভয় কাটতে থাকে। পরে জানা যায়, সে বাবা-মায়ের সঙ্গে নয়, কাকুর সঙ্গে অনুষ্ঠানে এসেছিল। বিষয়টি জানার পরও রসিকতার ভঙ্গিতে পরিস্থিতি সামাল দেন সোনু নিগাম। তবে একই সঙ্গে আয়োজকদের নির্দেশ দেন, যথাযথ পরিচয় যাচাই করে তবেই যেন শিশুটিকে অভিভাবকের হাতে তুলে দেওয়া হয়।

শেষ পর্যন্ত আয়োজকদের সহায়তায় শিশুটির কাকুর খোঁজ মেলে এবং নিরাপদেই তাকে ফিরিয়ে দেওয়া হয়। এই ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে শেয়ার করে সোনু নিগাম জানান, শিশুটি খুব ভয় পেয়েছিল, তবে তাকে কাছে পাওয়ার পর কিছুটা স্বস্তি পেয়েছিল বলে মনে হয়েছে।

ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর অনেকেই শিল্পীর মানবিক উদ্যোগের প্রশংসা করেছেন। কনসার্টের মঞ্চে তিনি শুধু গানই শোনাননি, দেখিয়েছেন দায়িত্বশীলতারও এক উজ্জ্বল দৃষ্টান্ত।

সারাবাংলা/এফএন/এএসজি