Sunday 16 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ভোট দিয়েই মৃত্যুর কোলে অভিনেতা তিনু করিম

এন্টারটেইনমেন্ট ডেস্ক
১২ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:০১

মারা গেলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা তিনু করিম। আজ (বৃহস্পতিবার) বরিশালে নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। গণমাধ্যমে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তারই স্ত্রী হুমায়রা নওশিন।

জানা গেছে, ভোট দিয়ে বাড়ি ফেরার কিছুক্ষণ পরই মারা যান তিনি। এ তথ্য জানিয়েছেন অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু। তিনি জানান, “তিনু করিম আজ সকালে ভোট দিতে কেন্দ্রে গিয়েছিলেন। ভোট দিয়ে বাড়ি ফেরার পরই তিনি অসুস্থ বোধ করেন। দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।” অপু আরও বলেন, “সে পুরোপুরি সুস্থ হয়ে বরিশাল গিয়েছিল। গলার সমস্যার কারণে কথা বলতে একটু কষ্ট হতো, এছাড়া সে ঠিকই ছিল। কিন্তু ভোট দিয়ে এসেই সব শেষ হয়ে গেল।”

বিজ্ঞাপন

উল্লেখ্য, গত বছরের নভেম্বরে গুরুতর অসুস্থ হয়ে ৪০ দিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনু করিম। আইসিইউ ও লাইফ সাপোর্টে থাকার পর চিকিৎসকরা যখন আশা ছেড়ে দিয়েছিলেন, তখন অলৌকিকভাবে সুস্থ হয়ে গত জানুয়ারিতে বাসায় ফেরেন তিনি।

২০০০ সালে ‘সাক্ষর’ নাটকের মাধ্যমে ক্যারিয়ার শুরু করা তিনু করিম দুই দশকেরও বেশি সময় ধরে অভিনয়ের সঙ্গে যুক্ত ছিলেন। নাটক ও বিজ্ঞাপনের পাশাপাশি ‘অপেক্ষা’, ‘রাত জাগা ফুল’, ‘আলতা বানু’ সিনেমায় তার অভিনয় প্রশংসিত হয়েছে। মৃত্যুকালে তিনি স্ত্রী হুমায়রা নওশিন ও ১১ বছর বয়সী এক কন্যাসন্তান রেখে গেছেন।

সারাবাংলা/এএসজি