Sunday 16 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পার্থ প্রতীম রায়ের ‘ভালোবাসি বলতে চাই’

এন্টারটেইনমেন্ট ডেস্ক
১৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:০৯

ভালোবাসা দিবস ঘিরে আবারও নতুন গান নিয়ে হাজির হলেন সংগীতশিল্পী পার্থ প্রতীম রায়। তার নতুন একক ‘ভালোবাসি বলতে চাই’ ইতোমধ্যেই শ্রোতাদের মধ্যে তৈরি করেছে নীরব উচ্ছ্বাস। প্রেম, অপেক্ষা আর না বলা অনুভূতির মিশেলে গড়া গানটি প্রকাশ পেয়েছে শিল্পীর নিজস্ব ইউটিউব চ্যানেল PPR MUSIC-এ। শিগগিরই এটি তার ভেরিফায়েড ফেসবুক পেজেও অবমুক্ত হবে বলে জানিয়েছেন তিনি।
এই গানে কথা, সুর ও কণ্ঠ; তিনটি দায়িত্বই সামলেছেন পার্থ প্রতীম রায় নিজে। পেশায় একজন আইটি বিশেষজ্ঞ ও গবেষক হলেও সংগীতের প্রতি তার নিবেদন বরাবরই আন্তরিক। প্রযুক্তির ব্যস্ত সময়সূচির মাঝেও তিনি খুঁজে নিয়েছেন হৃদয়ের নরম এক কোণ, যেখানে জন্ম নিয়েছে এই গান।

বিজ্ঞাপন

‘ভালোবাসি বলতে চাই’ আসলে এক ধরনের স্বীকারোক্তির গল্প। এমন অনেক অনুভূতি থাকে, যা বলা হয় না।কেবল জমে থাকে মনের ভেতর। সেই অপ্রকাশিত আবেগকে সুরে বেঁধেই গানটি তৈরি। বসন্তের রঙ, কাঠগোলাপের শুভ্রতা আর ভালোবাসার সহজ মায়া।সব মিলিয়ে গানটি যেন ঋতুর সঙ্গে একাত্ম হয়ে উঠেছে।

নিজের এই সৃষ্টি নিয়ে পার্থ প্রতীম রায় বলেন, এটি কেবল একটি গান নয়, বরং তার হৃদয়ের খুব কাছের অনুভূতি। আইটি সেক্টরের ব্যস্ততার মাঝেও তিনি চেষ্টা করেছেন ভালোবাসার চিরচেনা কোমলতাকে তুলে ধরতে। তার বিশ্বাস, যারা ভালোবাসতে জানেন কিংবা ভালোবাসার স্বপ্ন দেখেন, তাদের হৃদয়ের কোনো না কোনো কোণে জায়গা করে নেবে এই গান।

গানটির সংগীতায়োজন ও মিক্স-মাস্টার করেছেন রূপন চৌধুরী। ভিডিও নির্মাণ করেছেন সি. এফ. জামান। মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন মামুন খান, সুষ্মিতা এবং স্বয়ং পার্থ প্রতীম রায়।

সারাবাংলা/এফএন/এএসজি