Sunday 16 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চার দশক পর চিত্রনাট্যকার হিসেবে রাজকীয় স্বীকৃতি পেলেন জেমস ক্যামেরন

এন্টারটেইনমেন্ট ডেস্ক
১৯ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:০৮

বিনোদন জগতের কিংবদন্তি নির্মাতা জেমস ক্যামেরনের মুকুটে সাফল্যের পালকের অভাব নেই। বক্স অফিসের হিসাব করলে তিনি সর্বকালের অন্যতম শীর্ষ ব্যবসাসফল পরিচালক। টাইটানিক থেকে শুরু করে অ্যাভাটার।তাঁর সৃষ্টি করা সিনেমাগুলো বিশ্বজুড়ে আয় করেছে বিলিয়ন বিলিয়ন ডলার। ঝুলিতে রয়েছে তিনটি অস্কারসহ অসংখ্য আন্তর্জাতিক সম্মাননা। তবে এত সব প্রাপ্তির ভিড়েও একটি সূক্ষ্ম আক্ষেপ হয়তো কাজ করত এই নির্মাতার মনে। পর্দা কাঁপানো সব মাস্টারপিস উপহার দিলেও চিত্রনাট্যকার হিসেবে ক্যামেরন বরাবরই থেকে গেছেন পাদপ্রদীপের আড়ালে। অবশেষে ক্যারিয়ারের চার দশক পেরিয়ে সেই আক্ষেপ ঘুচতে চলেছে।

বিজ্ঞাপন

হলিউডের প্রভাবশালী সংগঠন রাইটারস গিল্ড অব আমেরিকা ওয়েস্ট ২০২৬ সালের জন্য মর্যাদাপূর্ণ ‘লরেল অ্যাওয়ার্ড’ দিতে যাচ্ছে জেমস ক্যামেরনকে। চিত্রনাট্য রচনায় আজীবন অবদানের স্বীকৃতিস্বরূপ এই সম্মাননা পাচ্ছেন তিনি। উল্লেখ্য যে, ক্যামেরনের সিনেমাগুলো অস্কারে কারিগরি ও পরিচালনা শাখায় দাপট দেখালেও চিত্রনাট্যকার হিসেবে তিনি কখনোই অস্কারের মনোনয়ন পাননি। রাইটারস গিল্ডের এই স্বীকৃতি তাই তাঁর জন্য বিশেষ তাৎপর্য বহন করছে। আগামী ৮ মার্চ এক জমকালো অনুষ্ঠানে তাঁর হাতে এই পুরস্কার তুলে দেওয়া হবে।

গিল্ডের সভাপতি মিশেল মুলরোনি ক্যামেরনের লেখনী শক্তির প্রশংসা করে জানিয়েছেন, টাইটানিক বা দ্য টার্মিনেটরের মতো সিনেমাগুলোতে তিনি যে অসাধারণ চরিত্রায়ন ও আইকনিক সংলাপ তৈরি করেছেন, তা অন্য লেখকদের জন্য বড় অনুপ্রেরণা। এই অর্জনে উচ্ছ্বসিত ক্যামেরন নিজেও। এক বিবৃতিতে তিনি মনে করিয়ে দিয়েছেন যে, যে কোনো সিনেমার মূল ভিত্তি আসলে লিখিত শব্দ। দীর্ঘ প্রতীক্ষার পর সহকর্মীদের কাছ থেকে পাওয়া এই সম্মানকে তিনি অত্যন্ত মর্যাদাপূর্ণ বলে অভিহিত করেছেন। ডেভিড লিঞ্চ বা অলিভার স্টোনের মতো গুণী লেখকদের উত্তরসূরি হিসেবে এখন থেকে জেমস ক্যামেরনের নামটিও চিত্রনাট্যকারদের অভিজাত তালিকায় স্থায়ী জায়গা করে নিল।

সারাবাংলা/এফএন/এএসজি