Sunday 16 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

শিল্পীদের দলীয় রাজনীতিতে জড়ানো উচিত নয়: ববিতা

এন্টারটেইনমেন্ট ডেস্ক
১৯ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:১০

দেশের শোবিজ অঙ্গনে বর্তমানে এক অস্থির ও বিভক্তিপূর্ণ সময় অতিবাহিত হচ্ছে। চব্বিশের গণঅভ্যুত্থান পরবর্তী পরিবর্তিত পরিস্থিতিতে অনেক পরিচিত মুখ যখন আত্মগোপনে কিংবা বিতর্কের মুখে, তখন অত্যন্ত প্রাসঙ্গিক ও সাহসী অবস্থান নিয়ে মুখ খুলেছেন ঢাকাই চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী ববিতা। এই বরেণ্য শিল্পী মনে করেন, একজন প্রকৃত শিল্পীর সবচেয়ে বড় শক্তি হলো সাধারণ দর্শকের ভালোবাসা, যা কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের বলয়ে বন্দি হওয়া উচিত নয়। রাজনৈতিক ক্ষমতাকে ক্ষণস্থায়ী উল্লেখ করে তিনি সাফ জানিয়ে দিয়েছেন যে, কোনো দলের তকমা গায়ে লাগিয়ে শিল্পীদের সর্বজনীন গ্রহণযোগ্যতা হারানো মোটেও কাম্য নয়। ববিতার মতে, শিল্পীদের মর্যাদা সময়ের সঙ্গে বাড়ে, তাই নিজেদের সম্মান রক্ষার্থেই তাঁদের উচিত দলনিরপেক্ষ অবস্থান বজায় রাখা।

বিজ্ঞাপন

সম্প্রতি এক সাক্ষাৎকারে নতুন সরকারের প্রতি বিশেষ আহ্বান জানিয়ে এই জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী অভিনেত্রী বলেন, শিল্প ও সংস্কৃতিকে যেন রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার না করা হয়। তিনি দেশের চলচ্চিত্র শিল্পের অবকাঠামোগত দৈন্যদশা নিয়ে উদ্বেগ প্রকাশ করে সারা দেশে আধুনিক সিনেমা হল নির্মাণের ওপর গুরুত্বারোপ করেছেন। বিশেষ করে মফস্বল শহরগুলোতে প্রেক্ষাগৃহভিত্তিক সংস্কৃতি ফিরিয়ে আনতে সরকারের কার্যকর ভূমিকা প্রত্যাশা করেন তিনি। এছাড়া সরকারি অনুদান এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কারের ক্ষেত্রে রাজনৈতিক বিবেচনা বাদ দিয়ে পূর্ণ স্বচ্ছতা ও মেধার মূল্যায়ন নিশ্চিত করার দাবি জানান ববিতা। তিনি বিশ্বাস করেন, যোগ্য শিল্পীকে যথাযথ সম্মান না দিলে দেশের সামগ্রিক সংস্কৃতিই ক্ষতিগ্রস্ত হয়।

সারাবাংলা/এফএন/এএসজি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর