Sunday 16 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

স্ত্রীর চিকিৎসায় গাড়ি বিক্রি করলেন অভিনেতা প্রাণ রায়

এন্টারটেইনমেন্ট ডেস্ক
২৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:০১

স্ট্রোকের পর দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা শাহনেওয়াজ কাকলী। তার চিকিৎসা ব্যয় মেটাতে শখের প্রাইভেটকারটি বিক্রি করে দিয়েছেন স্বামী অভিনেতা প্রাণ রায়।

বর্তমানে কাকলীর চিকিৎসায় প্রতিদিন প্রায় আট হাজার টাকার বেশি খরচ হচ্ছে বলে জানিয়েছেন প্রাণ রায়।

গত বছরের অক্টোবর মাসে অসুস্থ হয়ে পড়লে কাকলীকে হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা জানান, তিনি স্ট্রোক করেছেন। টানা দুই মাস চিকিৎসার পর কিছুদিন বাসায় থাকলেও চলতি মাসের ১ ফেব্রুয়ারি আবারও হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেন্টার ফর দ্য রিহ্যাবিলিটেশন অফ দ্য প্যারালাইজড (সিআরপি), মিরপুরে চিকিৎসাধীন।

বিজ্ঞাপন

প্রাণ রায় জানান, স্ট্রোকের কারণে কাকলীর মুখের একাংশ বাঁকা হয়ে গেছে এবং এখনও স্বাভাবিকভাবে কথা বলতে পারছেন না। নিয়মিত তিনটি থেরাপি চলছে। তবে আগের চেয়ে কিছুটা উন্নতি হয়েছে—এখন নিজ হাতে খেতে পারছেন এবং সহায়তায় বসতে পারছেন।

চিকিৎসা ব্যয় সামাল দিতে পরিবার ও বন্ধুদের সহযোগিতা পাচ্ছেন বলেও জানান এই অভিনেতা। তবে নিজের কাজ প্রায় বন্ধ হয়ে যাওয়ায় আর্থিক চাপ বেড়েছে। প্রয়োজনে সরকারের সহযোগিতা চাওয়ার কথাও ভাবছেন তিনি।

অভিনয় শিল্পী সংঘ কাকলীর পাশে দাঁড়ালেও পরিচালক সমিতির পক্ষ থেকে তেমন সাড়া পাননি বলে অভিযোগ প্রাণ রায়ের।

উল্লেখ্য, ২০১২ সালে ‘উত্তরের সুর’ চলচ্চিত্র পরিচালনার মাধ্যমে বড় পর্দায় আত্মপ্রকাশ করেন শাহনেওয়াজ কাকলী। সিনেমাটি দেশ-বিদেশের বিভিন্ন উৎসবে প্রশংসিত হয় এবং একাধিক বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে।

সারাবাংলা/এফএন/এএসজি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর