Sunday 16 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রণবীরের ‘ধুরন্ধর ২’: বাদ পড়ল ২১টি দৃশ্য

এন্টারটেইনমেন্ট ডেস্ক
২০ মার্চ ২০২৬ ১৭:৩৮

বিনোদন জগতের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ বড় পর্দায় মুক্তি পেল বছরের অন্যতম আলোচিত সিনেমা ‘ধুরন্ধর ২’। মুক্তির আগে থেকেই দর্শকদের মধ্যে ছবিটিকে ঘিরে ব্যাপক উন্মাদনা থাকলেও, প্রেক্ষাগৃহে যাওয়ার আগে রণবীর সিং ভক্তদের জন্য কিছুটা মন খারাপের খবর রয়েছে। ভারতীয় সেন্সর বোর্ডের কঠোর নির্দেশনায় সিনেমাটির ২১টি দৃশ্য ছেঁটে ফেলা হয়েছে।

সিনেমাটির সেন্সর সার্টিফিকেট পাওয়ার দৌড়ে বড় ধরনের পরিবর্তনের মুখোমুখি হতে হয়েছে নির্মাতাদের। বিশেষ করে অতিরিক্ত নৃশংসতা ও সংঘাতময় দৃশ্যের কারণে বোর্ড প্রায় ৬ মিনিটের ফুটেজ বাদ দেওয়ার নির্দেশ দিয়েছে। এর মধ্যে হাতুড়ির আঘাতে মাথা থেঁতলে দেওয়া, চোখ খুবলে নেওয়া এবং সিমেন্টের ব্লকে মাথা ঠুকে দেওয়ার মতো ভয়ংকর কিছু দৃশ্য সেন্সরের কাঁচিতে কাটা পড়েছে। এছাড়া তথ্যের নির্ভুলতা নিশ্চিত করতে ‘লাহোর’ নামের পরিবর্তে ‘দিল্লি’ ব্যবহারের নির্দেশনাও মেনে নিয়েছেন নির্মাতারা।

বিজ্ঞাপন

ছবিটি ৩ ঘণ্টা ৫৫ মিনিটের বিশাল ক্যানভাসে তৈরি করা হলেও কাটছাঁটের পর এর বর্তমান দৈর্ঘ্য দাঁড়িয়েছে ৩ ঘণ্টা ৪৯ মিনিট। অত্যন্ত ভায়োলেন্স থাকার কারণে সেন্সর বোর্ড একে শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য (A ক্যাটাগরি) ছাড়পত্র দিয়েছে। এবারের সিক্যুয়েলে রণবীর সিংয়ের ‘হামজা’ চরিত্রটি আগের কিস্তির চেয়েও অনেক বেশি ভয়ংকর ও দানবীয় রূপে হাজির হয়েছে বলে খবর পাওয়া গেছে।

সিনেমাটি মুক্তি পাওয়ার আগেই আগাম টিকিট বুকিংয়ে অভাবনীয় সাফল্য দেখিয়েছে। মাত্র প্রথম দুই ঘণ্টায় এটি প্রায় ৪ কোটি টাকার ব্যবসা করেছে। হিন্দি ছাড়াও তামিল, তেলুগু, কন্নড় ও মালয়লম এই পাঁচটি ভাষায় একযোগে মুক্তি পাচ্ছে ছবিটি। রণবীর সিংয়ের পাশাপাশি এতে অভিনয় করেছেন অক্ষয় খান্না, মাধবন, সঞ্জয় দত্ত ও সারা অর্জুনের মতো তারকা শিল্পীরা। সিনেমা বিশ্লেষকদের মতে, সেন্সরের কাটছাঁট থাকলেও রণবীরের বিধ্বংসী অভিনয় দেখতে দর্শকরা প্রেক্ষাগৃহে হুমড়ি খেয়ে পড়বে।

সারাবাংলা/এফএন/এএসজি