Sunday 16 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

জীবন খুবই ক্ষণস্থায়ী, যেকোনো সময় চলে যেতে পারি: তৌসিফ

এন্টারটেইনমেন্ট ডেস্ক
২৩ এপ্রিল ২০২৬ ১৯:৩৫

ছোট পর্দার জনপ্রিয় মুখ তৌসিফ মাহবুব বর্তমানে তার ক্যারিয়ারের এক স্বর্ণালি সময় পার করছেন। একের পর এক বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করে দর্শকদের মুগ্ধ করলেও, সম্প্রতি ‘খোয়াবনামা’ ও ‘চক্র’ সিরিজের অভাবনীয় সাফল্য তার ব্যক্তিজীবনে নিয়ে এসেছে আমূল পরিবর্তন। বিশেষ করে জীবনবোধ ও আধ্যাত্মিকতা নিয়ে তার নতুন উপলব্ধি ভক্তদের মাঝে বেশ আলোচনার জন্ম দিয়েছে।

তৌসিফ জানান, ‘খোয়াবনামা’ নাটকের শুটিং চলাকালীন পরকাল ও মৃত্যু নিয়ে তার মধ্যে এক গভীর রিয়ালাইজেশন তৈরি হয়। জীবনের ক্ষণস্থায়ী রূপ তাকে এতটাই প্রভাবিত করেছে যে, এখন থেকেই তিনি ধর্মীয় অনুশাসনে নিজেকে অভ্যস্ত করার চেষ্টা করছেন। প্রচলিত ধারণা ভেঙে তৌসিফ এখন নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করছেন। তার মতে, পর্দার চরিত্রে যা তিনি ফুটিয়ে তোলেন, তা আগে নিজের ভেতরে ধারণ করা জরুরি। বিশেষ করে কবরের আজাব বা আধ্যাত্মিক বিষয়গুলো নিয়ে কাজ করার পর থেকেই তার প্রাত্যহিক জীবন বদলে গেছে।

বিজ্ঞাপন

ব্যক্তিগত পরিবর্তনের পাশাপাশি তৌসিফের ক্যারিয়ারের পালেও লেগেছে নতুন হাওয়া। ওটিটি প্ল্যাটফর্মে ‘চক্র’ সিরিজের ব্যাপক ব্যবসায়িক ও সৃজনশীল সাফল্য তাকে বড় পর্দার স্বপ্ন দেখার সাহস জুগিয়েছে। দর্শকদের দীর্ঘদিনের প্রশ্ন ছিল— কবে তৌসিফকে সিনেমায় দেখা যাবে? অভিনেতা মনে করেন, হুট করে সিনেমায় নাম লেখানোর চেয়ে প্রস্তুতির প্রয়োজন অনেক বেশি।

তৌসিফের ভাষ্যমতে, দর্শক কেন টাকা খরচ করে তার অভিনয় দেখবে, সেই বিশ্বাস অর্জনের পরীক্ষা তিনি দিচ্ছিলেন। ‘চক্র’ সিরিজের সফলতার পর সেই আত্মবিশ্বাস এখন তার তুঙ্গে। প্রস্তুতির এই দীর্ঘ পথ পাড়ি দিয়ে খুব শীঘ্রই তৌসিফ মাহবুবকে বড় পর্দায় দেখা যেতে পারে, এমন ইঙ্গিতই পাওয়া গেল তার কথায়। জীবনবোধের পরিবর্তন আর নতুন স্বপ্নের মেলবন্ধনে তৌসিফ এখন তার ক্যারিয়ারের এক নতুন অধ্যায়ের অপেক্ষায়।

সারাবাংলা/এফএন/এএসজি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর