Sunday 16 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বিটিএস রঙে সাজল বুসান শহর

এন্টারটেইনমেন্ট ডেস্ক
১৫ জুন ২০২৬ ১৭:৩৮

দীর্ঘ চার বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে দক্ষিণ কোরিয়ার বুসান শহরে আবারও ঝড় তুলল বিশ্বখ্যাত কে-পপ বয় ব্যান্ড বিটিএস। ব্যান্ডটির চলমান ‘আরিরাং’ ওয়ার্ল্ড ট্যুর এবং তাদের অভিষেকের ১৩তম বার্ষিকী উপলক্ষে পুরো বুসান শহর যেন মেতে উঠেছিল এক রাজকীয় উৎসবে। বিটিএস-এর সর্বশেষ অ্যালবাম ‘আরিরাং’ এর মূল থিম লাল রঙে সাজানো হয়েছিল শহরের বড় বড় সব সেতু। অন্যদিকে বুসান স্টেশন থেকে শুরু করে সিনেমা সেন্টারগুলোর বড় পর্দায় দিনরাত ভেসে উঠেছে বিটিএস-এর জনপ্রিয় সব মিউজিক ভিডিও। সমুদ্র সৈকতে বিশাল বালির ভাস্কর্য আর রাতের আকাশে এক হাজার ড্রোনের চোখধাঁধানো লাইট শো দেখতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বুসানে ছুটে এসেছিলেন লাখো ভক্ত। আকাশে যখন ড্রোন দিয়ে বিটিএস-এর সাত সদস্যের মুখাবয়ব ফুটিয়ে তোলা হয়, তখন পুরো বুসান শহর যেন উল্লাসের নগরীতে পরিণত হয়।

বিজ্ঞাপন

ভক্তদের জন্য এই আয়োজনটি ছিল ভীষণ আবেগঘন, কারণ ২০২২ সালে সব সদস্যের বাধ্যতামূলক সামরিক সেবায় যাওয়ার পর বুসানে এটিই ছিল তাদের প্রথম কনসার্ট। বুসান স্টেশন ও হ্যায়ুন্দাই সৈকতে ভক্তদের বরণ করে নিতে ছিল বিশেষ লাউঞ্জ, ফটো জোন এবং স্মৃতিচারণের দারুণ সব ব্যবস্থা। শুধু বিনোদনই নয়, এই উৎসবকে কেন্দ্র করে পুরো বুসান জুড়ে থিমড মেন্যু চালু করেছিল বিভিন্ন নামী রেস্তোরাঁ ও হোটেল। ফিলিপাইনসহ বিভিন্ন দেশ থেকে আসা ভক্তরা জানান, সামরিক সেবা শেষে প্রিয় সাত তারকাকে আবারও একসঙ্গে স্টেজে দেখতে পাওয়া তাদের জীবনের অন্যতম সেরা অভিজ্ঞতা। কনসার্ট, পর্যটন এবং ফ্যান সংস্কৃতির এমন অপূর্ব মেলবন্ধনে বুসানের এই আয়োজন বিটিএস-এর প্রত্যাবর্তনকে বিশ্বমঞ্চে এক রূপকথার মতো স্মরণীয় করে রাখল।

সারাবাংলা/এফএন/এএসজি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর