রাজধানীর বুকে আবারও জমজমাট রক কনসার্টের আমেজ ফিরছে। আগামী ১০ জুলাই বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজন করা হয়েছে ‘ওভারলোড ফেস্টিভ্যাল’ শিরোনামের একটি মেগা কনসার্ট। লাইভ ওয়েভ এন্টারটেইনমেন্ট আয়োজিত এই কনসার্টে দেশের জনপ্রিয় আটটি ব্যান্ড অংশ নিচ্ছে। তবে এই উৎসবকে ঘিরে শ্রোতাদের মূল আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে দেশের দুই শীর্ষ রক ব্যান্ড ‘অর্থহীন’ ও ‘আর্টসেল’। দুটি ব্যান্ডই সম্পূর্ণ নতুন লাইনআপ নিয়ে এই মঞ্চের মাধ্যমে দেশের শ্রোতাদের সামনে হাজির হতে যাচ্ছে।
ব্যান্ডের মূল কাণ্ডারি সাইদুস সালেহীন খালেদ সুমনের (বেজবাবা সুমন) দীর্ঘদিনের শারীরিক অসুস্থতার কারণে দেশের কনসার্টগুলোতে বেশ অনিয়মিত ছিল ‘অর্থহীন’। সর্বশেষ গত বছরের নভেম্বর ও ডিসেম্বরে যুক্তরাষ্ট্রে দুটি শো করলেও, দেশের মাটিতে প্রায় ১৬ মাস পর এই ‘ওভারলোড ফেস্টিভ্যাল’-এর মাধ্যমে ফিরছে তারা। তবে এবার মঞ্চে তারা হাজির হচ্ছে সম্পূর্ণ নতুন রূপ নিয়ে। গত ৫ মার্চ ড্রামার মার্ক ডন ও গিটারিস্ট এহতেশাম আলী মঈন ব্যান্ড ছাড়ার পর অর্থহীনে বড় পরিবর্তন এসেছে। দীর্ঘ ২০ বছর দলে থাকার পর ২০২৩ সালে ব্যান্ড ছাড়া গিটারিস্ট ও কি-বোর্ডিস্ট শিশির আহমেদ আবার ঘরে ফিরেছেন। তাঁর সাথে নতুন সদস্য হিসেবে যোগ দিয়েছেন আদনান আতিক এবং গেস্ট ড্রামার হিসেবে যুক্ত হয়েছেন মেকানিকস ব্যান্ডের শেখ এম রিয়াজ।
অন্যদিকে, দেশের প্রগ্রেসিভ রকের অন্যতম পথিকৃৎ ‘আর্টসেল’ পা রাখছে একদম নতুন এক অধ্যায়ে। ব্যান্ডের প্রতিষ্ঠাকালীন সদস্য ও মূল ভোকাল জর্জ লিংকন ডি কস্তা ব্যক্তিগত কারণে অনির্দিষ্টকালের জন্য গান থেকে বিরতি নিয়েছেন। বর্তমানে কানাডায় অবস্থান করা লিংকন নিজেই গত বুধবার রাতে একটি ফেসবুক ভিডিও বার্তার মাধ্যমে ভক্তদের বিষয়টি নিশ্চিত করেন। তবে ব্যান্ডের লাইভ পারফরম্যান্স যেন থেমে না থাকে, সেজন্য ট্যুরিং ভোকাল হিসেবে যুক্ত করা হয়েছে ‘বে অব বেঙ্গল’ ব্যান্ডের সাবেক ভোকাল বখতিয়ার হোসাইনকে। গত বছরের নভেম্বরে অস্ট্রেলিয়া সফরের পর থেকে আর্টসেলও স্টেজে অনিয়মিত ছিল, ফলে বখতিয়ারের কণ্ঠে আর্টসেলের কালজয়ী গানগুলো সরাসরি শুনতে উন্মুখ হয়ে আছেন শ্রোতারা।
শুধু অর্থহীন আর আর্টসেলই নয়, ১০ জুলাইয়ের এই মেগা ইভেন্টে মঞ্চ মাতাতে আরও প্রস্তুত দেশের বাকি ছয়টি জনপ্রিয় ব্যান্ড। তালিকায় রয়েছে ব্ল্যাক, ক্রিপটেক ফেইট, নেমেসিস, পাওয়ারসার্জ, লেভেল ফাইভ এবং রকসল্ট। সব মিলিয়ে দীর্ঘ বিরতি ও নতুন চমক নিয়ে সাজানো এই কনসার্টটি দেশের রক ভক্তদের জন্য এক অনন্য অভিজ্ঞতা হতে চলেছে।