আজ ১৮ জুলাই, বলিউড ছাড়িয়ে হলিউডের মঞ্চে আন্তর্জাতিক তারকা প্রিয়াঙ্কা চোপড়ার জন্মদিন। বিশেষ এই দিনে জীবনের ৪৪টি বসন্ত পূর্ণ করলেন প্রখ্যাত এই অভিনেত্রী। বিশ্বজুড়ে কোটি ভক্তের ভালোবাসায় সিক্ত হওয়া পিগি চপসের জন্মদিনে স্বাভাবিকভাবেই সবার মনে কৌতুহল জাগে, ফ্যাশন আর অভিনয়ের এই রানীর মোট সম্পত্তির পরিমাণ আসলে কত?
বর্তমানে প্রিয়াঙ্কা চোপড়ার একক মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৫৮৩ কোটি রুপি। অন্যদিকে তার স্বামী, প্রখ্যাত মার্কিন গায়ক নিক জোনাসের রয়েছে প্রায় ৬৬৬ কোটি রুপির সমমূল্যের সম্পদ। সেই হিসাবে এই তারকা দম্পতির যৌথ সম্পত্তির প্রায় ৪৬.৬ শতাংশের একচ্ছত্র অধিকারী আমাদের ‘দেশি গার্ল’।
পর্দার দক্ষ ও দাপুটে এই অভিনেত্রীর ব্যবসার হাতও যে বেশ পাকা, তা তার বিনিয়োগের খতিয়ান দেখলেই স্পষ্ট বোঝা যায়। বিভিন্ন ডেটিং অ্যাপ, নামী জুতার সংস্থা এবং একাধিক খাবারের ‘স্টার্টআপ’-এ বড় অঙ্কের বিনিয়োগ রয়েছে তার। বর্তমানে প্রিয়াঙ্কার আয়ের একটি বিশাল অংশ আসে এসব ব্যবসায়িক খাত থেকে। এ ছাড়া বিশ্বের একাধিক নামী গয়না, প্রসাধনী ও সাজপোশাকের বিলাসবহুল আন্তর্জাতিক ব্র্যান্ডের শুভেচ্ছাদূত বা ব্র্যান্ড ফেস হিসেবে কাজ করছেন তিনি। পাশাপশি অল্প দিনের মধ্যেই ব্যাপক জনপ্রিয়তা ও বাণিজ্যিক সাফল্য পেয়েছে তার নিজস্ব প্রতিষ্ঠান ‘হেয়ার কেয়ার’।
সিনেমায় অভিনয়ের পারিশ্রমিকের বেলায়ও প্রিয়াঙ্কা চোপড়া বরাবরই আকাশচুম্বী রেকর্ড ধরে রেখেছেন। বর্তমানে তিনি ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রীদের তালিকার একদম সামনের সারিতে অবস্থান করছেন। বিনোদন পাড়ায় জোর গুঞ্জন রয়েছে, দক্ষিণ ভারতীয় সিনেমার সুপারস্টার মহেশ বাবুর সঙ্গে তার পরবর্তী চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হওয়ার জন্য তিনি প্রায় ৩০ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন। এর আগে তার অভিনীত বহুল আলোচিত আন্তর্জাতিক স্পাই সিরিজ় ‘সিটাডেল’-এর জন্য তিনি পারিশ্রমিক হিসেবে নিয়েছিলেন রেকর্ড ৪১ কোটি রুপি।
বিত্ত আর বৈভবের দিক থেকে প্রিয়াঙ্কার জীবনযাপনও বেশ রাজকীয়। মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে নিক ও প্রিয়াঙ্কার একটি চোখধাঁধানো বিলাসবহুল বাড়ি রয়েছে। প্রাসাদসম এই বাড়িটি ২০১৯ সালে প্রায় ২০০ লাখ ডলার খরচ করে কিনেছিলেন এই তারকা দম্পতি। বাড়িটি প্রায় ২০ হাজার বর্গফুট জায়গা জুড়ে বিস্তৃত, যেখানে আধুনিক জীবনের সব ধরনের রাজকীয় সুযোগ-সুবিধা বিদ্যমান। সব মিলিয়ে ৪৪ বছরে পদার্পণ করা প্রিয়াঙ্কা চোপড়া কেবল অভিনয়েই নয়, সম্পদ ও সফলতায়ও নিজেকে নিয়ে গেছেন এক অনন্য উচ্চতায়।