বিনোদন বিশ্বের এক উজ্জ্বল ও সম্ভাবনাময় তারকার জীবনপ্রদীপ অকালে নিভে গেল এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায়। বিশ্বজুড়ে বিপুল জনপ্রিয়তা পাওয়া হলিউড সিনেমা ‘গডজিলা ভার্সাস কং’ এবং এর পরবর্তী কিস্তি ‘গডজিলা কং: দ্য নিউ এম্পায়ার’-এ ‘জিয়া’ চরিত্রে অভিনয় করে কোটি দর্শকের হৃদয় জয় করা অভিনেত্রী কাইলি হটলে আর নেই।
মঙ্গলবার, ২১ জুলাই ভোরে মার্কিন যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড রাজ্যের ফ্র্রেডরিক কাউন্টির ইজামসভিলে ঘটে যাওয়া এক ভয়াবহ একক গাড়ি দুর্ঘটনায় মাত্র ১৮ বছর বয়সে তিনি প্রাণ হারান। স্থানীয় সময় রাত আনুমানিক ২টা ৫০ মিনিটে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে, অতিরিক্ত গতি এই সড়ক দুর্ঘটনার অন্যতম প্রধান কারণ হতে পারে বলে প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে। গাড়িটিতে কাইলি ছাড়াও আরও দুজন ছিলেন, যার মধ্যে ১৯ বছর বয়সী চালককে অসংঙ্কটজনক অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং অন্য এক যাত্রী প্রাথমিক চিকিৎসার প্রয়োজন বোধ করেননি। অত্যন্ত দুঃখজনকভাবে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই কাইলির হৃদস্পন্দন বন্ধ হয়ে যায় এবং চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
কাইলি হটলের এই মৃত্যুর খবরটি তার বাবা জশুয়া হটলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক ভিডিও বার্তার মাধ্যমে সর্বপ্রথম প্রকাশ করেন। জন্মগতভাবে বাক-শ্রবণপ্রতিবন্ধী কাইলির বাবা আমেরিকান সাইন ল্যাঙ্গুয়েজ বা সাংকেতিক ভাষার মাধ্যমে দুর্ঘটনার সমস্ত বিবরণ তুলে ধরেন। তিনি নিশ্চিত করেন যে, দুর্ঘটনার সময় তিনি নিজে টেক্সাসে অবস্থান করছিলেন এবং স্থানীয় কর্তৃপক্ষের কাছ থেকে দ্বিতীয় ফোনটি পাওয়ার পরেই জানতে পারেন যে কাইলিকে আর বাঁচানো সম্ভব হয়নি। পরবর্তীতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম টিএমজেডসহ একাধিক বিশ্বমানের গণমাধ্যমে কাইলির মৃত্যুর খবরটি গুরুত্বের সঙ্গে প্রকাশিত হয়।
২০০৭ সালে যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টায় জন্মগ্রহণ করলেও কাইলির শৈশব ও কৈশোরের একটি বড় সময় কেটেছে টেক্সাসের অস্টিনে। সেখানেই তিনি অত্যন্ত সুনামের সঙ্গে ‘টেক্সাস স্কুল ফর দ্য ডেফ’-এ পড়াশোনা শেষ করেন। কাইলির মর্মান্তিক মৃত্যুর পর তার স্মৃতিবিজড়িত এই শিক্ষা প্রতিষ্ঠানটি গভীর শোক প্রকাশ করে তাদের অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেলে আবেগঘন বার্তা শেয়ার করেছে এবং এই দুঃসময়ে শোকসন্তপ্ত পরিবারের গোপনীয়তা রক্ষার আহ্বান জানিয়েছে।
শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে খুবই কম বয়সে অভিনয় জগতে আত্মপ্রকাশ করেছিলেন প্রতিভাবান এই খুদে অভিনেত্রী। মাত্র ৯ বছর বয়সে বাক-শ্রবণপ্রতিবন্ধীদের জন্য নির্মিত অত্যন্ত জনপ্রিয় একটি মেসেজিং অ্যাপ ‘গ্লাইড’-এর বিজ্ঞাপনে কাজ করার মাধ্যমে তার বিনোদন জগতে অভিষেক ঘটেছিল। এরপর ২০২১ সালে মুক্তিপ্রাপ্ত ব্লকবাস্টার চলচ্চিত্র ‘গডজিলা ভার্সাস কং’-এ অনাথ শিশু ‘জিয়া’ চরিত্রে অসাধারণ অভিনয় করে বিশ্বব্যাপী পরিচিতি ও ভূয়সী প্রশংস লাভ করেন তিনি। এই সিনেমায় তিনি অ্যালেক্সান্ডার স্কার্সগার্ড, মিলি ববি ব্রাউন ও রেবেকা হলের মতো বিশ্বখ্যাত হলিউড সুপারস্টারদের পাশে সমান তালে অভিনয় করে চমক সৃষ্টি করেছিলেন। সিনেমাটিতে দানবীয় চরিত্রের সঙ্গে তার মনস্তাত্ত্বিক যোগাযোগ ও সাবলীল উপস্থিতি দর্শকদের ভীষণভাবে মুগ্ধ করেছিল। পরবর্তীতে একই ফ্র্যাঞ্চাইজির ২০২৪ সালের সফল পর্ব ‘গডজিলা কং: দ্য নিউ এম্পায়ার’-এ নিজের পুরনো চরিত্রে পুনরায় অভিনয় করে আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে নিজের অবস্থান আরও সুদৃঢ় করেন কাইলি। সিনেমাটিতে চমৎকার পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ তিনি মর্যাদাপূর্ণ ‘স্যাটার্ন অ্যাওয়ার্ড’-এ সেরা উদীয়মান বা তরুণ শিল্পী বিভাগে মনোনীত হয়েছিলেন। সিনেমার বাইরেও ২০২১ সালে জনপ্রিয় টিভি সিরিজ ‘ম্যাগনাম পি.আই.’-এর চতুর্থ সিজনের একটি পর্বেও বিশেষ চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছিলেন তিনি।
মাত্র ১৮ বছর বয়সের এক উঠতি তারকার এই অনাকাঙ্ক্ষিত ও করুণ বিদায়ে আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গন, সহশিল্পী এবং বিশ্বজুড়ে থাকা তার অগণিত ভক্ত-অনুরাগীদের মাঝে এক গভীর শোকের ছায়া নেমে এসেছে। কাইলির বিদায়ে সিনেমাটির পরিবেশক প্রতিষ্ঠান ওয়ার্নার ব্রাদার্স তাদের সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ (সাবেক টুইটার) অভিনেত্রীর একটি ছবির সঙ্গে গভীর শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে। একই সঙ্গে বিশ্বজুড়ে বিনোদন প্রেমীরা সামাজিক যোগাযোগমাধ্যমে এই খুদে তারকার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছেন ও তার পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করছেন।