ঢাকা: আইনজীবী ও মডেল জান্নাতুল ফেরদৌস পিয়া (পিয়া জান্নাতুল) নিরাপত্তা শঙ্কার কথা উল্লেখ করে যে সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন, সেই অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।
সোমবার (২৭ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীনের আদালত শুনানি শেষে বনানী থানাকে জিডিতে উত্থাপিত অভিযোগগুলো তদন্তের নির্দেশ দেন।
ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক (এসআই) মোস্তফা কামাল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জিডির অভিযোগ তদন্তের অনুমতি চেয়ে পুলিশের পক্ষ থেকে আদালতে আবেদন করা হয়েছিল। শুনানির সময় পিয়া জান্নাতুল আদালতে উপস্থিত ছিলেন। শুনানি শেষে আদালত অভিযোগের বিষয়ে তদন্তের নির্দেশ দেন।
আদালতের নথি অনুযায়ী, গত ৮ জুলাই বনানী থানায় করা সাধারণ ডায়েরিতে পিয়া জান্নাতুল উল্লেখ করেন, অতীতে বা বর্তমানে তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে সম্পৃক্ত নন এবং তার কোনো রাজনৈতিক উদ্দেশ্যও নেই।
জিডিতে তিনি অভিযোগ করেন, সম্প্রতি এক নারীর নিরাপত্তা ও ন্যায়বিচারের পক্ষে প্রকাশ্যে অবস্থান নেওয়ার পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ধারাবাহিকভাবে হুমকি, ভয়ভীতি এবং আপত্তিকর বার্তা পাচ্ছেন। এ ছাড়া অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের কাছ থেকে একাধিক হুমকিমূলক ফোনকলও এসেছে বলে দাবি করেন।
তিনি আরও উল্লেখ করেন, গত প্রায় তিন মাস ধরে কয়েকজন অজ্ঞাত ব্যক্তি তাকে বিভিন্ন স্থানে অনুসরণ করছে বলে তার সন্দেহ হয়েছে। এসব ঘটনায় তিনি ও তার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং যেকোনো সময় অনাকাঙ্ক্ষিত ঘটনার আশঙ্কা করছেন।
এ অবস্থায় নিজের ও পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং পুলিশি সুরক্ষা চেয়ে সাধারণ ডায়েরিতে আবেদন করেন পিয়া জান্নাতুল। আদালতের নির্দেশের পর এখন অভিযোগগুলোর বিষয়ে তদন্ত করবে বনানী থানা পুলিশ।