Sunday 16 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

টম ক্রুজের পদবি মুছে নতুন পরিচয়ে মেয়ে সুরি নোয়েল

এন্টারটেইনমেন্ট ডেস্ক
২৯ জুলাই ২০২৬ ১৭:৫৫

হলিউড মেগাস্টার টম ক্রুজ ও অভিনেত্রী কেটি হোমসের একমাত্র সন্তান সুরি ক্রুজ তার নামের শেষ অংশ থেকে বাবার বিখ্যাত ‘ক্রুজ’ পদবি আনুষ্ঠানিকভাবে ছেঁটে ফেলে এখন থেকে ‘সুরি নোয়েল’ নামে পরিচিত হচ্ছেন।

২০ বছর বয়সী এই তারকা সন্তান পেনসিলভেনিয়ার কার্নেগি মেলন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শুরু করার সময়েই নিজের নাম পরিবর্তনের এই আইনি প্রক্রিয়া সম্পন্ন করেন। মায়ের মধ্যনাম ‘নোয়েল’ অংশটি যুক্ত করে তিনি নিজের নতুন এই স্বতন্ত্র পরিচয় গড়ে তুলেছেন, যা প্রথম প্রকাশ পায় ২০২৪ সালের জুনে তার হাইস্কুল সমাবর্তনের অনুষ্ঠানে।

২০১২ সালে টম ক্রুজ ও কেটি হোমসের বিচ্ছেদের পর থেকেই সুরিকে লাইমলাইট বা প্রচারের আলো থেকে দূরে রেখে বড় করে তুলেছেন কেটি হোমস। মূলত বাবার সঙ্গে দীর্ঘদিনের মানসিক দূরত্ব এবং পারিবারিক সম্পর্কের নানা জটিলতার কারণেই সুরির এমন সিদ্ধান্ত বলে মনে করছেন বিনোদনপ্রেমী ও ভক্তরা। গণমাধ্যমের তথ্য অনুযায়ী, গত প্রায় চৌদ্দ বছর ধরে বাবা টম ক্রুজের সঙ্গে সুরির নিয়মিত কোনো যোগাযোগ বা দেখা-সাক্ষাৎ হয়নি। পারিবারিক টানাপোড়েন ও গুরুজনদের দূরত্বের পরও সুরির নিজের পায়ে স্বাধীনভাবে দাঁড়িয়ে যাওয়ার এই প্রয়াসকে ইতিবাচকভাবে গ্রহণ করেছেন তার অনুরাগীরা।

বিজ্ঞাপন

অন্যদিকে এই তারকা পিতা-মাতা নিজ নিজ পেশাগত কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। অস্কারজয়ী পরিচালক আলেহান্দ্রো গঞ্জালেস ইনিয়ারিতুর নতুন সিনেমা ‘ডিগার’-এ একেবারেই নতুন এক রূপ ও চরিত্রে দেখা যাবে টম ক্রুজকে, যা আগামী ২ অক্টোবর বড় পর্দায় মুক্তি পাওয়ার কথা রয়েছে। পাশাপাশি কেটি হোমসও ব্যস্ত রয়েছেন তার নিজের লেখা ও পরিচালিত রোমান্টিক-ড্রামা ঘরানার সিনেমা ‘হ্যাপি আওয়ার্স’ নিয়ে। বাবা-মায়ের সেলিব্রিটি পরিচয়ের ছায়া পেরিয়ে নিজের প্রতিভা ও যোগ্যতায় সুরির এই পথচলা বিনোদন অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

সারাবাংলা/এফএন/এএসজি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর