Saturday 15 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বসুন্ধরায় প্রেমিককে ভিডিও কলে রেখে অভিনেত্রীর আত্মহত্যা

স্টাফ করেসপন্ডেন্ট
১৫ আগস্ট ২০২৬ ২০:৫৭

অভিনেত্রীর রিধিকা রিধি। ছবি: সংগৃহীত

ঢাকা: রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসায় প্রেমিকাকে ভিডিও কলে রেখে এক অভিনেত্রী গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে। ওই অভিনেত্রীর নাম রিধিকা রিধি। তবে তার আসল নাম নিলা আক্তার (২৬)।

শনিবার (১৫ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে কুর্মিটোলা হাসপাতাল থেকে ওই অভিনেত্রীর মরদেহ উদ্ধার করে পুলিশ। এর পর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

ভাটারা থানার উপ পরিদর্শক (এসআই) আব্দুল ওহাব বলেন, ‘সকালে খবর পেয়ে কুর্মিটোলা হাসপাতাল থেকে ওই অভিনেত্রীর মরদেহ উদ্ধার করা হয়। এর পর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। সেখানে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

বিজ্ঞাপন

এসআই আরও বলেন, ‘আমরা জাতীয় পরিচয়পত্রে ওই নারীর নাম লিনা আক্তার পেয়েছি। তিনি বসুন্ধরা আবাসিক এলাকার ১১নম্বর রোডের জি ব্লকে সাবলেট ভাড়া থাকতেন। ভোরে তার প্রেমিক হাসিবুর রহমানের সাথে ভিডিও কলে কথা বলতে বলতে গলায় ফাঁস দেন।’

তিনি জানান, এর পর হাসিবুর রহমানসহ কয়েকজন তার বাসায় গিয়ে তাকে দ্রুত কুর্মিটোলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে জানান। হাসিবুর বর্তমানে থানা হেফাজতে আছে। রিধিকার পরিবার বর্তমানে থানায় আছে। পরিবার থেকে আত্মহত্যার প্ররোচণার অভিযোগে মামলা করা হবে।

রিধিকা রিধির বাড়ি মাদারীপুর জেলার কালকিনি উপজেলার এনায়েতনগর গ্রামে। তার বাবার নাম লিটন মোল্লা। তিনি বর্তমানে বসুন্ধরা আবাসিক জি ব্লকের ১১নম্বর রোডে একটি বাসায় সাবলেট ভাড়া থাকতেন।

জানা যায়, রিধিকা মডেলিংয়ের পাশাপাশি বেশ কিছু নাটকে অভিনয় করেছেন। তার অভিনীত নাটকের মধ্যে রয়েছে- এখানে ‘মানুষ বিক্রি হয়’, ‘বহুরূপী’, ‘ডাবল হানিমুন’ ও ‘সুন্দরী’।