অ্যানিমেশন ভক্তদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে জনপ্রিয় ‘ফ্রোজেন’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি ‘ফ্রোজেন ৩’-এর প্রথম ঝলক আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে ডিজনিল্যান্ড। আন্তর্জাতিক অ্যানিমেশন আঙিনায় ঝড় তোলা এই নতুন সিনেমায় আনা ও ক্রিস্টফের রাজকীয় বিয়ের আড়ম্বরপূর্ণ আয়োজন থাকলেও সেই আনন্দের মাঝে হানা দিতে যাচ্ছে এক রহস্যময় ও শক্তিশালী খলনায়ক। সব ঠিক থাকলে সিনেমাটি ২০২৭ সালের ২৪ নভেম্বর বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
সম্প্রতি ডিজনির বহুল আলোচিত ‘ডি২৩’ ফ্যান ইভেন্টে সিনেমাটির প্রথম এক ঝলক ফুটেজ ভক্তদের সামনে উন্মোচন করা হয়। জাঁকজমকপূর্ণ এই অনুষ্ঠানে আনা ও এলসা চরিত্রের জনপ্রিয় কণ্ঠশিল্পী ক্রিস্টেন বেল এবং ইদিনা মেনজেল স্বশরীরে উপস্থিত ছিলেন। মঞ্চে বেল ইঙ্গিত দিয়ে জানান, এবার আনা ও এলসা তাদের জীবনের সবচেয়ে বিপজ্জনক ও বড় অভিযানে পা রাখতে যাচ্ছে।
নতুন এই সিনেমার মূল আকর্ষণের কেন্দ্রবিন্দু হতে যাচ্ছে আনা ও ক্রিস্টফের বহুপ্রতীক্ষিত রাজকীয় বিয়ে। দীর্ঘদিনের প্রেমের শুভ পরিণতি ও রাজপ্রাসাদের এই উৎসবকে ঘিরে সিনেমার গল্পে তৈরি হবে এক আনন্দময় আবহ। এমনকি দর্শকদের প্রিয় চরিত্র তুষারমানব ওলাফের জীবনেও নাকি নতুন করে প্রেমের আগমন ঘটতে চলেছে। তবে এই আনন্দ এবং রঙিন উৎসব খুব বেশি সময় স্থায়ী হবে না।
প্রকাশিত প্রথম ঝলকে স্পষ্ট দেখা যায়, আনা ও ক্রিস্টফের জাঁকজমকপূর্ণ বিয়ের আয়োজনে হঠাৎ হানা দেয় এক রহস্যময় খলনায়ক। বরফে ঢাকা দুর্গম অঞ্চলের মধ্য দিয়ে এগিয়ে যাওয়ার সময় বিশাল এক তুষারাবৃত পাহাড় থেকে নেমে আসে গা ছমছমে চরিত্রটি। দুই বোনকে উদ্দেশ্য করে তার গম্ভীর কণ্ঠের সংলাপ ভেসে আসে, অ্যারেনডেলের দুই বোন, অবশেষে আমাদের দেখা হলো। আর এই সংলাপের পরই গল্পের আসল সংঘাতের ইঙ্গিত মেলে।
আগের দুটি কিস্তির ধারাবাহিকতা বজায় রেখে এবারও ইদিনা মেনজেল ও ক্রিস্টেন বেল যথাক্রমে এলসা ও আনার কণ্ঠ দিতে ফিরেছেন। অন্যদিকে জশ গ্যাডের কালজয়ী কণ্ঠে আবারও দেখা মিলবে ওলাফকে এবং জোনাথন গ্রফ কণ্ঠ দিচ্ছেন প্রেমিক ক্রিস্টফ চরিত্রে।
বক্স অফিসের পরিসংখ্যান বলছে, ২০১৩ সালে প্রথম মুক্তি পাওয়া ‘ফ্রোজেন’ বিশ্বব্যাপী ব্যবসা করে তুলে নিয়েছিল প্রায় ১২৮ কোটি ডলার। পরবর্তীতে ২০১৯ সালে আসা ‘ফ্রোজেন ২’ সেই রেকর্ড ভেঙে বিশ্বজুড়ে আয় করে প্রায় ১৪৫ কোটি ডলার। স্বভাবতই সিনেমার তৃতীয় পর্ব ঘিরে বিশ্বজুড়ে দর্শক ও ব্যবসায়ীদের তুমুল প্রত্যাশা তৈরি হয়েছে।
প্রথমে ২০২৬ সালে ছবিটির মুক্তির তারিখ নির্ধারণ করা হলেও নির্মাতারা পরবর্তীতে সিনেমাটি এক বছর পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। কণ্ঠশিল্পী জশ গ্যাডের মতে, নির্মাতারা কেবল নামমাত্র বা বাণিজ্যিক উদ্দেশ্যে তাড়াহুড়ো করে কোনো সিক্যুয়েল বানাতে চান না। তাদের মূল লক্ষ্য হলো, নতুন সিনেমাটির মান ও গল্প যেন আগের দুই কিস্তির সুনাম ও মর্যাদাকে পুরোপুরি বজায় রাখতে পারে।
সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে দীর্ঘ বিরতির পর ২০২৭ সালের ২৪ নভেম্বর রূপালি পর্দায় ফের ফিরছে আনা, এলসা, ক্রিস্টফ ও ওলাফ। তবে এখন বিশ্বজুড়ে সিনেমাপ্রেমীদের মনে একটাই প্রশ্ন হঠাৎ উদয় হওয়া এই নতুন খলনায়ক আসলে কে, আর অ্যারেনডেলের রাজপরিবারের ভাগ্যে তার কী পরিকল্পনা লুকিয়ে রয়েছে?