সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে মঞ্চস্থ হয়েছে সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের কালজয়ী কাব্যনাট্য ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’। নাটকটি মঞ্চে এনেছে সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী গ্রুপ থিয়েটার ‘তরুণ সম্প্রদায়’।
শুক্রবার (২৮ আগস্ট) রাত ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত সিরাজগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে নাটকটি মঞ্চায়ন করা হয়। এ সময় হলভর্তি দর্শক নাটকটি উপভোগ করেন। কাব্যনাট্যটি এরই মধ্যে দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।
১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের শেষ দিকের প্রেক্ষাপটে রচিত এই কাব্যনাট্যে উঠে এসেছে পাকিস্তানি হানাদার বাহিনীর সহযোগী এক গ্রামীণ মাতবরের চরিত্র ও তার পরিণতির কাহিনি। নাটকের প্রধান চরিত্র মাতবরকে গ্রামের অসংখ্য মানুষ অত্যন্ত সম্মান করলেও পরবর্তী সময়ে প্রকাশ পায় যে, সে পাকিস্তানি বাহিনীর ঘনিষ্ঠ সহযোগী। এমনকি তার নিজের মেয়েও পাকিস্তানিদের নির্যাতনের শিকার হয়।
মেয়ের মুখে এই নির্মম সত্য প্রকাশের পর মাতবরের বিরুদ্ধে ক্ষুব্ধ হয়ে ওঠে গ্রামের মানুষ। তার আশ্রয়ে থাকা পীর ও লাঠিয়ালরাও এক সময় তার সঙ্গ ত্যাগ করে জনতার কাতারে গিয়ে দাঁড়ায়। এক পর্যায়ে মেয়ের আত্মহত্যার পর গ্রামের ক্ষুব্ধ জনগণ মাতবরের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয় এবং তাকে হত্যার মধ্য দিয়ে নাটকের সমাপ্তি ঘটে।
তরুণ সম্প্রদায়ের এই প্রযোজনাটির নির্দেশনায় ছিলেন তোফা হাসান। সহকারী নির্দেশক ছিলেন সামিনা ইসলাম নি। এই দু’জনও নাটকটির গুরুত্বপূর্ণ দু’টি চরিত্রে অভিনয় করেন। নাটকের অন্যান্য চরিত্র অভিনয় করেন- ফরিদুল ইসলাম সোহাগ, মনোয়ার হোসেন, আব্দুল কাইয়ুম, রেজওয়ান আহমেদ সৌরভ, সিরাজুল ইসলাম, মেহেদী জামান সুহাস, তোকি তাহমিদ সামী, এস এম নুরুজ্জামান আনন্দ, সাবিনা ইয়াসমিন সুইটি, মমিন হান্নান, মো. জাহাঙ্গীর আলম, তানজিনা খানম তন্বী, ভাবনা খাতুন, রাজু আহম্মেদ, জান্নাতুল ফেরদৌস কেয়া, শাহ আলম কিরন প্রমুখ।
নাট্য প্রযোজনাটিতে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এ মামুন খান। উদ্বোধন করেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। বিশেষ অতিথি ছিলেন সিরাজগঞ্জ পৌরসভার সচিব রফিকুল ইসলাম।