Monday 07 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নেপালে শাহাদাত রাসএলের আন্তর্জাতিক সম্মাননা লাভ

এন্টারটেইনমেন্ট ডেস্ক
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৫:২৬ | আপডেট: ৭ সেপ্টেম্বর ২০২৬ ১৫:২৭

‘সাফল্য, নেতৃত্ব ও মানবাধিকারে অসামান্য অবদান উদযাপন’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেপালের রাজধানী কাঠমান্ডুতে অনুষ্ঠিত হয়েছে ‘ইন্টারন্যাশনাল এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৬’। ৫ সেপ্টেম্বর কাঠমান্ডুর রাষ্ট্রীয় নৃত্যশালায় আয়োজিত এই অনুষ্ঠানে আন্তর্জাতিক অঙ্গনে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশিষ্ট ব্যক্তিদের সম্মাননা প্রদান করা হয়।

এবারের আয়োজনে সম্মাননা পেয়েছেন বাংলাদেশের চলচ্চিত্র নির্মাতা, লেখক ও মানবাধিকারকর্মী শাহাদাত রাসএল। তার সর্বশেষ প্রকাশিত গল্পগ্রন্থ ‘দ্য হাফ ফিনিশড সিগারেট অ্যান্ড আনস্পোকেন অ্যাপোলজিস’-এর জন্য তাকে এই আন্তর্জাতিক সম্মাননা দেওয়া হয়।

বিজ্ঞাপন

সম্মাননা পাওয়ার অনুভূতি প্রকাশ করে শাহাদাত রাসএল বলেন, “সম্মাননা প্রাপ্তি সবসময়ই আনন্দের এবং উৎসাহব্যঞ্জক। ‘দ্য হাফ ফিনিশড সিগারেট অ্যান্ড আনস্পোকেন অ্যাপোলজিস’ মূলত মানবাধিকার ও মানবিক মূল্যবোধকে কেন্দ্র করে লেখা ১২টি গল্পের সংকলন, যা অ্যামাজনের মাধ্যমে প্রকাশিত হয়েছে। এই বইয়ের মূল ভাবনা ও মানবিক বার্তাকে আয়োজকরা মূল্যায়ন করেছেন—এটি আমার জন্য অত্যন্ত আনন্দের।”

তিনি আরও বলেন, “এই সম্মাননা আমি অনুষ্ঠানের মঞ্চে দাঁড়িয়েই বাংলাদেশে জুলাই-আগস্টে নিহত পুলিশ সদস্যদের উদ্দেশ্যে উৎসর্গ করেছি।”

‘ইন্টারন্যাশনাল এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ মূলত ভারত ও নেপালের যৌথ উদ্যোগে আয়োজিত একটি আন্তর্জাতিক সম্মাননা অনুষ্ঠান। এ বছর চতুর্থবারের মতো অনুষ্ঠিত হলো এই আয়োজন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মাননা তুলে দেন নেপালের সাবেক উপ-প্রধানমন্ত্রী উপেন্দ্র যাদব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেপালের সংসদ সদস্য জগত যোশী ও খেমরাজ কৈরালা। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় চলচ্চিত্র নির্মাতা অমল ভাগাতসহ বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিরা।

নেপালের ঐতিহ্যবাহী লোকসংগীত ও নৃত্যের মনোজ্ঞ পরিবেশনার মধ্য দিয়ে শেষ হয় এবারের ‘ইন্টারন্যাশনাল এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৬’ আয়োজন।

বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর