Monday 17 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নার্গিস আক্তারের ছবিতে ঋতুপর্ণা


৭ ফেব্রুয়ারি ২০২০ ১৬:০০ | আপডেট: ৭ ফেব্রুয়ারি ২০২০ ১৬:১৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নার্গিস আক্তার নারী অধিকার ও সামাজিক নানা ট্যাবু নিয়ে ছবি বানান। এর জন্য জিতে নিয়েছেন দুইবার ‘সেরা চিত্রনাট্যকার’ হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ নানান আন্তর্জাতিক পুরস্কার। তিনি আবারও নারীদের অধিকার নিয়ে ছবি নির্মাণ করতে যাচ্ছেন। নাম ঠিক না হওয়া ছবিটির প্রধান চরিত্রে অভিনয় করবেন কলকাতার অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত।

খবরটি নিশ্চিত করে সারাবাংলাকে নার্গিস আক্তার বলেন, ‘ঋতুপর্ণা সম্প্রতি দুদিনের জন্য ঢাকায় এসেছিলেন ভারতীয় হাইকমিশনের আমন্ত্রণে। আমি তার সাথে দেখা করে গল্পটি শোনাই। তার দারুণ পছন্দ হয়েছে। আমাদের ছবিটি করতে সে রাজি হয়েছে।’

বিজ্ঞাপন

ঋতুপর্ণা যেহেতু আছে তাহলে কি এটি বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার ছবি? ‘না এটির প্রযোজক এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান। তার প্রতিষ্ঠান মাল্টিমিডিয়া প্রোডাকশন থেকে এটি নির্মিত হবে।’

বাংলাদেশের বহু ছবিতে এর আগে অভিনয় করেছেন ঋতুপর্ণা। তাই নায়ক হিসেবে তার সাথে পূর্বে কাজ করেছেন এমন বাংলাদেশি কাউকে ভাবছেন বলে জানালেন নার্গিস আক্তার। তিনি বলেন, ‘এমনও হতে বাংলাদেশি কাউকে না ফেলে আমরা ভারতীয় কাউকে নিবো।’

নার্গিস আক্তার জানালেন ছবিটি নির্মিত হবে বাংলা ও ইংরেজি এ দুই ভার্সনে। তিনি বলেন, ‘বাংলাদেশের বাইরে যারা বাংলা সংস্কৃতি সম্পর্কে আগ্রহী তাদের জন্য এবং বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের জন্যই দুই ভাষার ভার্সন করবো।’

ছবির গল্প লিখেছেন নার্গিস আক্তার নিজে। বর্তমানে এর চিত্রনাট্য লেখার কাজ চলছে। ইচ্ছে আছে মার্চের শেষের দিকে শুটিং শুরু করার।

আগামী এপ্রিলে মুক্তি পাবে নার্গিস আক্তার পরিচালিত ‘যৈবতী কন্যার মন’। নাট্যাচার্য সেলিম আল দীনের বিখ্যাত মঞ্চ নাটক ‘যৈবতী কন্যার অবলম্বনে এটি নির্মিত হয়েছে।