Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘কেয়ামত থেকে কেয়ামত’ পরিচালক সোহান আর নেই

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
১৩ সেপ্টেম্বর ২০২৩ ১৯:১৬ | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৩ ২২:০৬

বাংলা ছবির ইতিহাসে অন্যতম ব্যবসাসফল ছবি ‘কেয়ামত থেকে কেয়ামত’। ছবিটির পরিচালক সোহানুর রহমান সোহান আর নেই। তিনি বুধবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ছয়টা ১৫ মিনিটে মারা গিয়েছেন। সারাবাংলাকে খবরটি নিশ্চিত করেছেন পরিচালক সমিতির সভাপতি কাজী হায়াৎ।

তিনি বলেন, সোহানুর রহমান সোহানকে বাসার গৃহকর্মী বিকেলের দিকে অনেক ডাকাডাকির পরেও না উঠায় দ্রুত পার্শ্ববর্তী উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়ে যাওয়ার পর ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন।

কাজী হায়াৎ বলেন, আমার যতটুকু ধারণা তিনি উচ্চ ডায়বেটিকসের কারণে মারা গিয়েছেন। যদিও এটি ডাক্তাররা বলবেন। গতকালকে (১২ সেপ্টেম্বর) তার স্ত্রী ব্রেইন স্টোকে মারা গিয়েছিল। সে শোকে সে বেশ কাতর হয়ে পড়েছিল। আমি তাকে ফোনে সান্তনা দিয়ে বলেছিলাম, একদিন তো আমাদের সবাইকে চলে যেতে হবে। তুমি ভেঙ্গে পড়ো না। কিন্তু তার একদিন পর সে এভাবে চলে যাবে তা কখনই ভাবতে পারেনি।

বিজ্ঞাপন

তার কোথায় দাফন হবে? মরদেহ কখন এফডিসিতে আনা হবে? এমন বিষয়গুলো রাতে জানাতে পারবেন বলে জানান কাজী হায়াৎ।

১৯৭৭ সালে সোহানুর রহমান সোহান তার কর্মজীবন শুরু করেছিলেন আরেক বিখ্যাত পরিচালক শিবলী সাদিকের সহকারী হিসেবে। ১৯৮৮ সালে ‘বিশ্বাস অবিশ্বাস’ দিয়ে নির্মাতা হিসেবে ক্যারিয়ার শুরু করেন। এছাড়া এজে মিন্টু, শহীদুল হক খানেরও সহকারী ছিলেন। ১৯৯৩ সালে মুক্তি পাওয়া ‘কেয়ামত থেকে কেয়ামত’ তাকে পরিচালক হিসেবে অন্য উচ্চতায় নিয়ে যায়। এ ছবিতে অভিষেক হয় সুপারস্টার সালমান শাহ ও মৌসুমীর। তার হাত ধরে চলচ্চিত্রে অভিষেক হয়েছে হালের শীর্ষ নায়ক শাকিব খান, ডন, শাকিল খানসহ অনেক অভিনেতা ও কলাকুশলীর।

দুডজনেরও বেশি ছবি পরিচালনা করেছিলেন সোহান। এগুলো হচ্ছে─ বিশ্বাস অবিশ্বাস, বেনাম বাদশা, কেয়ামত থেকে কেয়ামত, আখেরি রাস্তা, বিদ্রোহী কন্যা, স্বজন, আমার ঘর আমার বেহেশত, আমার দেশ আমার প্রেম, মা যখন বিচারক, অনন্ত ভালবাসা, কিলার, সত্যের বিজয়, স্বামী ছিনতাই, বলো না ভালোবাসি, বৃষ্টি ভেজা আকাশ, কথা দাও সাথী হবে, আমার জান আমার প্রাণ, পরাণ যায় জ্বলিয়া রে, কোটি টাকার প্রেম, দ্যা স্পিড, সে আমার মন কেড়েছে, এক মন এক প্রাণ, লোভে পাপ পাপে মৃত্যু।

সোহানু রহমান সোহান বেশ কয়েকবার চলচ্চিত্র পরিচালক সমিতির সাধারণ সম্পাদক ও সভাপতি ছিলেন। তিনি ২০১৫ সালে কাফন কাপড় পরে হিন্দি ছবি আমদানির বিরুদ্ধে হওয়া আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। সবশেষ ২০২১-২৩ মেয়াদে চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি ছিলেন তিনি। বর্তমান কমিটির কার্যনির্বাহী পরিষদের সদস্য ছিলেন।

সারাবাংলা/এজেডএস