Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ফারুকী-তিশাকন্যা ইলহামের জন্য গান ‘জোছনার ফুল’

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
৯ নভেম্বর ২০২৩ ১৭:৩৫ | আপডেট: ৯ নভেম্বর ২০২৩ ১৭:৪২

‘আমি জানি না আমার অনুভূতি গুছাইয়া লিখতে পারবো কিনা। কিন্তু এই গানটা আমাদের জন্য আজীবন একটা বিশেষ কিছু হয়ে থাকবে। আমাদের ইলহামের প্রথম কোনো প্রফেশনাল কাজে অ্যাপিয়েরেন্স এই মিউজিক ভিডিওতে।’- কথাগুলো পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী তার সোশ্যাল মিডিয়ায় একটি গান শেয়ার করে লিখেছেন। যে গানের নাম ‘জোছনার ফুল’।

মেঘ থেকে কালি নিয়ে লিখছি তোকে / প্রশ্নের পাহাড়ে দাঁড়িয়ে থেকে
অকারণ দাপটে উত্তর চুপ / কত চাপা হাহাকার কত বিদ্রূপ
পাছে লোকে কিছু / বলে পিছু পিছু / তুই অবাক জোছনার ফুল…

উপরের লাইনগুলো চরকি অরিজিনাল সিনেমা ‘অটোবায়োগ্রাফি’-এর প্রথম গান ‘জোছনার ফুল’-এর কিছু অংশ। মোস্তফা সরয়ার ফারুকী ও নুসরাত ইমরোজ তিশার কন্যা ইলহাম নুসরাত ফারুকীকে এই প্রথম কোনো অফিসিয়াল মিউজিক ভিডিতে দেখা গেছে এই গানের মাধ্যমে। চরকির অফিসিয়াল পেজে গানটি মুক্তি পেয়েছে ৮ নভেম্বর রাতে।

বিজ্ঞাপন

গানটি নিয়ে তিশার মন্তব্য জানতে চাইলে তিনি বলেন, ‘এই গানের প্রতিটা লাইনই আমার অনুভূতির কথা বলেছে। এটা নিয়ে আলাদা করে বর্ণনা দেয়ার বা বলার কিছু নেই। এই গানের কথাগুলো একটা চিঠি। জোছনার ফুল ইলহামের জন্য লেখা আমার চিঠি। বৃহৎ অর্থে এটা সব কন্যাদের জন্যই তার মায়ের চিঠি।’

চরকিতে ‘মিনিস্ট্রি অব লাভ’-প্রজেক্টে জনপ্রিয় ১২ জন নির্মাতা ভালোবাসার গল্প নিয়ে ১২টি চরকি অরিজিনাল ফিল্ম বানাচ্ছেন। এই পুরো প্রজেক্টের সার্বিক তত্ত্বাবধানে আছেন মোস্তফা সরয়ার ফারুকী। তিনি নিজে নির্মাণ করেছেন দুটি সিনেমা ‘অটোবায়োগ্রাফি’ ও ‘মনোগামী’।

এরই মধ্যে ‘অটোবায়োগ্রাফি’-এর ফার্স্ট লুক, টিজার মুক্তি পেয়েছে। প্রদর্শিত হয়েছে বুসান ও মুম্বাইয়ের ফিল্ম ফেস্টিভ্যালে। প্রশংসিত হয়েছে সেখানে। ‘জোছনার ফুল’ গানটি গেয়েছেন ও লিখেছেন শারমিন সুলতানা সুমি। গানের সুর করেছে শারমিন সুলতানা সুমি ও পাভেল আরিন এবং সঙ্গীতায়োজনে ছিলেন পাভেল আরিন। ২ মিনিট ২৬ সেকেন্ডের গানের ভিডিওটি ক্যামেরায় ধারণ করেছেন পরিচালক ফারুকী নিজেই ও ইবনে নূর রাকিব।

https://www.facebook.com/ChorkiOfficial/videos/157684147430761/

সারাবাংলা/এজেডএস