Thursday 20 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সদস্যপদ বাতিল হচ্ছে নিপুণের!

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
১৭ মে ২০২৪ ১৮:১৭

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্যপদ বাতিল হতে পারে চিত্রনায়িকা নিপুণের। গণমাধ্যমে শিল্পী সমিতি ও সাধারণ সম্পাদককে নিয়ে কটুক্তি করায় কেন তার সদস্যপদ বাতিল হবে না─তা জানতে চেয়ে চিঠি দিয়েছে সংগঠনটি। চিঠির জবাব দেওয়ার জন্য তাকে ৭ দিন সময় দেওয়া হয়েছে। এ সময়ের মধ্যে সঠিক জবাব না পেলে নিপুণের সদস্যপদ বাতিল হতে পারে বলে মন্তব্য করেছেন সমিতির সহ-সভাপতি ডি এ তায়েব।

তিনি বলেন, শিল্পী সমিতি এবং বর্তমান সাধারণ সম্পাদকের শিক্ষাগত যোগ্যতা নিয়ে নিপুণ যে নিষ্ঠুর কথাবার্তা বলেছেন, তা এখন সারা দুনিয়া ঘুরে বেড়াচ্ছে। তিনি যেসব কুরুচিপূর্ণ কথা বলেছেন, তার ব্যাখ্যা চেয়ে সাত দিনের মধ্যে জবাব দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। তার জবাব সন্তোষজনক না হলে সাত দিনের মধ্যে আমরা তার মেম্বারশিপ বাতিল করে দিবো।

বিজ্ঞাপন

গত বুধবার ২০২৪-২০২৬ মেয়াদের নির্বাচনের ফল বাতিল চেয়ে হাইকোর্টে রিট করেন নিপুণ। তার রিটের বিষয়ে সমিতির পদক্ষেপ কী হতে পারে তা নিয়ে বৃহস্পতিবার বৈঠক করেন সদস্যরা।

বৈঠক শেষে ডি এ তায়েব বলেন, ‘রিট করা নিয়ে আমরা এখনো ভাবছি না। আমাদের কাছে নোটিশ এলে আইনিভাবে তা মোকাবিলা করা হবে।’

এরআগে চলতি বছরে মার্চে জায়েদ খানের সদস্যপদ বাতিলের খবর প্রকাশ্যে আসে। জায়েদের বিরুদ্ধেও ছিলো একই অভিযোগ। সাধারণ সম্পাদককে নিয়ে মিথ্যা, মনগড়া, কুরুচিপূর্ণ মন্তব্য করায় বাতিল হয় জায়েদের সদস্যপদ। যদিও সেই সময় সাধারণ সম্পাদকের আসনে ছিলেন নিপুণ নিজেই!

সারাবাংলা/এজেডএস