Thursday 20 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সালমান শাহ্‌কে নয়, ইমনকে চিনেন আঁখি আলমগীর

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
১৯ সেপ্টেম্বর ২০২৪ ১৮:১৩ | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৪ ২২:১৭

বাংলা ছবির অমর নায়ক সালমান শাহের সঙ্গে সংগীতশিল্পী আঁখি আলমগীরের পারিবারিক সম্পর্ক ছিল। এ সুপারস্টারকে পরিচালক সোহানুর রহমান সোহানের কাছে নিয়ে যান আঁখির মা লেখিকা ও কবি খোশনূর আলমগীর। যার কারণে এখনও তাদের কাছে সালমান শাহের চেয়ে ইমন বেশি আপন।

আঁখি বলেন, ‘আমরা আসলে সালমান শাহকে চিনি না। আমাদের বাসায় সালমান হলো ইমন। এখনও আমরা তাকে ইমন বলেই মনে করি। আমাদের যে কোনও গল্পে, স্মৃতিতে ইমনই ঘুরে ফিরে আসে।’

ইমন তথা সালমান শাহের সঙ্গে আঁখি আলমগীরের সম্পর্কটা ছিলো তুই-তোকারি। একেবারে শৈশবের বন্ধুর মতো। আঁখি বলেন, ‘ইমন বয়সের আমার থেকে যথেষ্ট বড়। কিন্তু আমরা একে অপরকে নাম ধরে ডাকতাম। তুই তুই করতাম। এটা আমি আর ইমন না। আমরা ভাই-বোন সবগুলোই এভাবে তুই-তুই সম্পর্কে বাঁধা ছিলাম। ইমন আর ইমনের ছোটভাইও ছিলো আমাদের সার্কেলে। যেখানে বড়-ছোট বিষয় ছিলো না। সবাই সবাইকে তুই-তুই করতাম! আমার ছোট ভাইও ইমনকে তুই তুই করতো। ইমন ভাই বলতো না। সম্ভবত আমরা সবাই পাগল ছিলাম!’

বিজ্ঞাপন

আঁখি জানান, ইমনকে সালমান শাহ হিসেবে গড়ে তোলার প্রথম উদ্যোগটা নেন তার মা খোশনূর। এটাও জানান, ইমন আসলে তখন থেকেই নায়ক হওয়ার স্বপ্ন নিয়ে নিজেকে গড়ে তুলছিলো। আঁখির ভাষায়, ‘‘যেহেতু আমাদের পরিবার সিনেমা ও সংগীতের সঙ্গে সরাসরি জড়িত, সেজন্য ইমন বার বার আম্মুকে দেখলেই বলতো, ‘আন্টি প্লিজ একটা কিছু করেন। আপনি চাইলে হবে’। তাই নয়, আমি দেখেছি ও আসলে নিজেকে ছোটবেলা থেকে নায়ক হিসেবেই গড়ে তুলেছে। ওর মধ্যে এর বাইরে আর কোনও প্ল্যান ছিলো না। এরপর ওকে নিয়ে আম্মু সোহান আঙ্কেলের কাছে যান। তারপরের ইতিহাস তো সবারই জানান।’’

আঁখি মনে করেন, ইমন তথা সালমান শাহ অসম্ভব ভালো একজন মানুষ ছিলেন। তার ভাষায়, ‘হি ওয়াজ ভেরি সুইট পারসন। একেবারে তাজা প্রাণের একজন মানুষ ছিলো। এজন্যই হয় তো আল্লাহ ওকে এতো দ্রুত নিয়ে যায়। সেটা আল্লাহই ভালো জানেন।’

সারাবাংলা/এজেডএস