Thursday 20 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

অবশেষে আসছে ‘জলে জ্বলে তারা’

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
২৯ জানুয়ারি ২০২৫ ১৭:৫২

এফ এস নাঈম ও মিথিলা

এফ এস নাঈম ও রাফিয়াত রশিদ মিথিলাকে জুটিবদ্ধ করে অরুণ চৌধুরী নির্মাণ করেছেন ‘জলে জ্বলে তারা’। সরকারি অনুদানের ছবিটির শুটিং শেষ হয়েছে ৪ বছর আগে। নানা কারণে ছবিটির মুক্তি আটকে থাকলেও অবশেষে মুক্তি পেতে যাচ্ছে।

সিনেমাটি ২০২০-২১ অর্থবছরে অনুদান পায়। ২০২১ সালের অক্টোবরে মানিকগঞ্জে করোনাকালীন সিনেমাটির শুটিং শুরু হয়। মাত্র তিন সপ্তাহেই সিনেমাটির শুটিং শেষ হয়।

সিনেমার সব কাজ শেষ হলে একাধিকবার মুক্তির তারিখ ঠিক করা হয়। কিন্তু প্রতিবার সিনেমাটির মুক্তি পিছিয়ে যায়। গত বছরও সিনেমা মুক্তির তালিকায় ছিল, কিন্তু জুলাই বিপ্লবের কারণে আর মুক্তি দেননি নির্মাতা। এখন ভালোবাসা দিবস উপলক্ষে সিনেমাটি মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

নির্মাতা অরুণ চৌধুরী গণমাধ্যমকে বলেন, ‘এটা রোমান্টিক গল্প। যে কারণে ভালোবাসা দিবসকে সামনে রেখে মুক্তি দেওয়ার কথা ভেবেছি। ১৪ ফেব্রুয়ারি রিলিজ ডেটও নিয়েছি।

তিনি আরও বলেন, ‘প্রথমবার পর্দায় দর্শক নাঈম-মিথিলার রসায়ন দেখবে। রোমান্টিক, মানবিক গল্পটি দর্শক পছন্দ করবেন।’

দীর্ঘ এক যুগের বেশি সময় পরে বড় পর্দায় আসছেন নাঈম। নাঈম বলেন, ‘প্রথমবার দর্শক আমাকে বড় পর্দায় প্রধান চরিত্রে দেখবেন। ভালোবাসা দিবস হলে সিনেমাটি আলাদা গুরুত্ব পায়। আমাদের গল্পটি মানবিক সম্পর্কের। এখানে সবগুলো গান রোমান্টিক। এগুলো দর্শকদের ভিন্ন একটি অনুভূতি দেবে।’

‘জলে জ্বলে তারা’ সিনেমায় আরও অভিনয় করছেন ফজলুর রহমান বাবু, মনিরা মিঠু, আজাদ আবুল কালাম, নূর ইমরান মিঠু প্রমুখ।

সারাবাংলা/এজেডএস