ঢাকা: সরকার ১২টি গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে এক বছরের জন্য নতুন করে চুক্তিভিত্তিক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। এর মধ্যে ১১টি প্রতিষ্ঠানে গ্রেড-২ পদমর্যাদায় এবং নির্বাচন কমিশন সচিবালয়ে অতিরিক্ত সচিব পদে একজনকে নিয়োগ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে উপসচিব মো. গোলাম রব্বানীর সই করা পৃথক ১২টি প্রজ্ঞাপনে এ নিয়োগের তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক হিসেবে গ্রেড-২ পদমর্যাদায় নিয়োগ পেয়েছেন মো. সালাহউদ্দিন সরকার। বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ রাশেদুল হক।
এ ছাড়া বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান পদে মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল (রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র), বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) চেয়ারম্যান পদে এ টি এম আবদুল বারী ড্যানী এবং বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সচিব হিসেবে মো. কামরুজ্জামান (কামরুজ্জামান দুলাল) নিয়োগ পেয়েছেন।
একইভাবে বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের চেয়ারম্যান পদে আবদুল খালেক (বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক)। বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প করপোরেশনের চেয়ারম্যান পদে মো. শামসুজ্জামান (সুরুজ), বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক পদে কাজী রওনাকুল ইসলাম (টিপু), বাংলাদেশ তাঁত বোর্ডের চেয়ারম্যান পদে মো. জাকির হোসেন, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) চেয়ারম্যান পদে বেনজীর আহমেদ এবং বাংলাদেশ জুট করপোরেশনের চেয়ারম্যান পদে মো. মামুন হাসানকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।
অন্যদিকে, নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব পদে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন মো. সামসুল আলম।
প্রজ্ঞাপনগুলোতে বলা হয়েছে, নিয়োগপ্রাপ্তদের অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে বিদ্যমান কর্ম-সম্পর্ক ত্যাগ করতে হবে। যোগদানের তারিখ থেকে তাদের এক বছরের চুক্তির মেয়াদ কার্যকর হবে। নিয়োগের অন্যান্য শর্ত দ্বিপাক্ষিক চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারণ করা হবে। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।