Sunday 16 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

জানুন স্মার্টফোনের স্ক্রিন পরিষ্কারের সঠিক কৌশল

তথ্যপ্রযুক্তি ডেস্ক
৩ মার্চ ২০২৬ ১৬:৫১

আমাদের হাতের মুঠোয় থাকা ছোট্ট মোবাইল ফোনটি বর্তমানে আমাদের জীবনের একটি অংশে পরিণত হয়েছে। ছোট্ট এই ফোনটির স্ক্রিনজুড়েই যেন আমাদের এক আলাদা জগৎ। দিনের পর দিন এই মোবাইল ফোনের স্ক্রিনে অনেক সময় অসাবধানতায় ছোটখাটো আঁচড় বা স্ক্র্যাচও পড়ে যায়। যা ফোনের সৌন্দর্য নষ্ট করে। তবে ভুল পদ্ধতিতে পরিষ্কার করতে গেলে সাধের ফোনটির ডিসপ্লে স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।

জানুন স্মার্টফোনের স্ক্রিন নিরাপদ ও নতুনের মতো ঝকঝকে রাখার কার্যকর কিছু উপায়…

সঠিক কাপড় নির্বাচন

ডিসপ্লে পরিষ্কারের জন্য কখনোই টিস্যু পেপার, গামছা বা খসখসে পুরোনো কাপড় ব্যবহার করবেন না। এগুলোর সূক্ষ্ম আঁশ স্ক্রিনে স্ক্র্যাচ ফেলতে পারে। এর বদলে চশমা মোছার নরম ‘মাইক্রোফাইবার’ কাপড় ব্যবহার করুন। এই কাপড়টি বৃত্তাকারে আলতোভাবে ঘষলে ডিসপ্লের তেলচিটে ভাব ও ধুলাবালি নিমেষেই দূর হয়।

বিজ্ঞাপন

জীবাণু ও জেদি দাগ দূর করতে

পর্দায় আঙুলের জেদি ছাপ বা জীবাণু দূর করতে আইসোপ্রোপাইল অ্যালকোহল (৭০ শতাংশ) ব্যবহার করা যেতে পারে। তবে সতর্ক থাকুন, তরলটি কখনোই সরাসরি স্ক্রিনে ঢালবেন না। প্রথমে মাইক্রোফাইবার কাপড়ে সামান্য একটু অ্যালকোহল নিয়ে আলতো করে পর্দাটি মুছে নিন। এতে দাগ দূর হওয়ার পাশাপাশি আপনার ফোনটি জীবাণুমুক্তও হবে।

হালকা স্ক্র্যাচ দূর করার ঘরোয়া কৌশল

বেকিং সোডা: দুই ভাগ বেকিং সোডার সঙ্গে এক ভাগ পানি মিশিয়ে ঘন পেস্ট তৈরি করুন। এবার একটি কটনবাড বা নরম কাপড়ে সামান্য পেস্ট নিয়ে স্ক্র্যাচের ওপর আলতো করে ঘষুন। এরপর শুকনো কাপড় দিয়ে মুছে ফেললে হালকা স্ক্র্যাচ অনেকটাই কমে আসবে।

ভেজিটেবল অয়েল: যদি ডিসপ্লেতে খুব সামান্য আঁচড় থাকে, তবে এক ফোঁটা ভেজিটেবল অয়েল দিয়ে কটনবাড দিয়ে ঘষলে আঁচড়টি সাময়িকভাবে আড়াল হয় এবং ডিসপ্লেতে এক ধরনের উজ্জ্বলতা ফিরে আসে।

স্ক্র্যাচ রিমুভার ওয়াক্স: গাড়ির স্ক্র্যাচ দূর করার হালকা ওয়াক্স বা ক্রিম অল্প পরিমাণে নরম কাপড়ে নিয়ে স্ক্র্যাচের জায়গায় ব্যবহার করা যেতে পারে। তবে এক্ষেত্রে অতিরিক্ত চাপ দেওয়া থেকে বিরত থাকতে হবে।

স্মার্টফোন পরিষ্কারের সময় সবচেয়ে বড় ঝুঁকি হলো ফোনের ভেতরে পানি বা তরল ঢুকে যাওয়া। পরিষ্কার করার আগে চার্জিং পোর্ট, স্পিকার গ্রিল এবং ইয়ারফোন জ্যাক সেলোটেপ দিয়ে ঢেকে নেওয়া বুদ্ধিমানের কাজ। খেয়াল রাখবেন, কোনোভাবেই যেন আর্দ্রতা ফোনের ভেতরে প্রবেশ না করে, কারণ এতে সার্কিট নষ্ট হয়ে যাওয়ার ঝুঁকি থাকে।

সারাবাংলা/এনএল/এএসজি