Sunday 16 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ফেসবুকে রিলস পোস্টেই লাখ টাকা আয়ের সুযোগ!

তথ্যপ্রযুক্তি ডেস্ক
২৯ মার্চ ২০২৬ ১৬:২৮

ভিডিও কনটেন্টের ডিজিটাল লড়াইয়ে ইউটিউব শর্টস আর টিকটককে টেক্কা দিতে এবার বড় চাল চাললো মেটা (Meta)। ফেসবুক ক্রিয়েটরদের নিজেদের প্ল্যাটফর্মে ধরে রাখতে এবং নতুনদের উৎসাহিত করতে তারা নিয়ে এসেছে বিশেষ আর্থিক প্রণোদনা। নির্দিষ্ট কিছু শর্ত পূরণ করতে পারলে প্রতি মাসে সর্বোচ্চ ৩ হাজার ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে ৩ লাখ টাকার বেশি) আয়ের এক দুর্দান্ত সুযোগ দিচ্ছে ফেসবুক। তবে এই অফারটি সবার জন্য নয় এবং এর সময়সীমাও সীমিত।

আসুন জেনে নেই মেটার এই বিশেষ ‘ক্রিয়েটর ফার্স্ট ট্র্যাক’ প্রোগ্রামের আদ্যোপান্ত…

ফলোয়ার অনুযায়ী আয়ের হিসাব

মেটার নতুন এই পলিসি অনুযায়ী, আয়ের অঙ্ক নির্ধারিত হবে আপনার পেজ বা প্রোফাইলের ফলোয়ার সংখ্যার ওপর ভিত্তি করে…

বিজ্ঞাপন

১ লাখ+ ফলোয়ার: প্রতি মাসে নিশ্চিত আয় প্রায় ১ হাজার ডলার।

১০ লাখ বা তার বেশি ফলোয়ার: প্রতি মাসে সর্বোচ্চ ৩ হাজার ডলার পর্যন্ত আয়ের সুযোগ।

এই ফিক্সড বা নিশ্চিত আয়ের সুবিধাটি প্রথম ৩ মাসের জন্য প্রযোজ্য হবে। এই সময়ের পর ফিক্সড পেমেন্ট বন্ধ হলেও পেজের নিয়মিত মনিটাইজেশন (ইন-স্ট্রিম অ্যাড, সাবস্ক্রিপশন, স্টারস ও রিলস বোনাস) থেকে আয় চালু থাকবে।

টাকা পকেটে ভরতে যেসব শর্ত মানতে হবে

এই বিশেষ ফান্ড থেকে ডলার তুলতে হলে ক্রিয়েটরদের ড্যাশবোর্ডে বেশ সক্রিয় থাকতে হবে …

মাসের টার্গেট: প্রতি ৩০ দিনে অন্তত ১৫টি রিলস (স্বল্পদৈর্ঘ্য ভিডিও) আপলোড করতে হবে।

সক্রিয় দিন: পুরো মাসের মধ্যে অন্তত ১০টি আলাদা দিনে ভিডিও পোস্ট করা বাধ্যতামূলক।

মৌলিক ভিডিও: কনটেন্ট অবশ্যই নিজের বা মৌলিক হতে হবে। তবে একই ভিডিও টিকটক বা ইউটিউবে থাকলেও ফেসবুকে পোস্ট করতে কোনো বাধা নেই।

উল্লেখ্য, গত কয়েক বছরে আয়ের অনিশ্চয়তার কারণে অনেক বড় বড় ইনফ্লুয়েন্সার ফেসবুক ছেড়ে ইউটিউব ও টিকটকে ঝুঁকেছিলেন। হারানো বাজার ফিরে পেতেই মেটার এই বিশাল অংকের ডলার ছিটানোর মাস্টারপ্ল্যান। গত ২০২৫ সালে মেটা ক্রিয়েটরদের পেছনে প্রায় ৩০০ কোটি ডলার খরচ করেছে, যার বড় অংশই রিলস নির্মাতাদের পকেটে গেছে।

নতুন এই প্রজেক্টের সাথে ফেসবুক ক্রিয়েটরদের জন্য উন্নত অ্যানালিটিক্স টুলও নিয়ে এসেছে। এর মাধ্যমে কোন ভিডিও থেকে কেমন আয় হচ্ছে, তা নিখুঁতভাবে ট্র্যাক করা যাবে। ভিডিও ক্রিয়েটরদের জন্য নিজেদের অবস্থান শক্ত করার এটিই সেরা সময়।

সারাবাংলা/এনএল/এএসজি