Sunday 16 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সারা দিনের নিরাপত্তা ও বরকত লাভের পথ

সারাবাংলা ডেস্ক
২৩ এপ্রিল ২০২৬ ১৮:২৯

‎দৈনন্দিন জীবনের ব্যস্ততা ও প্রতিকূলতার মাঝে নিজেকে মহান আল্লাহর হেফাজতে সঁপে দেওয়ার চেয়ে উত্তম আর কিছু হতে পারে না। রাসুলুল্লাহ (সা.) উম্মতকে এমন কিছু দোয়া ও জিকির শিক্ষা দিয়েছেন, যা নিয়মিত পাঠ করলে কেবল দুনিয়াবি বিপদ-আপদ থেকেই মুক্তি পাওয়া যায় না, বরং পরকালেও মিলবে পরম প্রাপ্তি।

‎একজন মুমিনের দিনটি বরকতময় করতে সকালের গুরুত্বপূর্ণ কিছু আমল নিচে তুলে ধরা হলো…

‎জান্নাত নিশ্চিত করার শ্রেষ্ঠ দোয়া (সাইয়িদুল ইস্তিগফার)

‎ক্ষমা প্রার্থনার শ্রেষ্ঠ দুআ হলো ‘সাইয়িদুল ইস্তিগফার’। রাসুল (সা.) এর ইরশাদ অনুযায়ী, কোনো ব্যক্তি যদি সকালে দৃঢ় বিশ্বাসের সাথে এটি পাঠ করে এবং সন্ধ্যার আগেই তার মৃত্যু হয়, তবে সে জান্নাতবাসী হবে। একইভাবে সন্ধ্যায় পাঠ করে রাতে মারা গেলেও সে জান্নাতি হবে।

বিজ্ঞাপন

‎দোয়া: আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা, খালাকতানি ওয়া আনা আবদুকা, ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাতাতু, আউযুবিকা মিন শাররি মা সানাতু, আবূউ লাকা বি-নি’মাতিকা আলাইয়্যা ওয়া আবূউ বি-জাম্বি, ফাগফিরলি ফা-ইন্নাহু লা ইয়াগফিরুয যুনূবা ইল্লা আনতা।

‎সর্বপ্রকার অনিষ্ট থেকে সুরক্ষার আমল

‎দুনিয়ার যেকোনো বিপদ, আকস্মিক মুসিবত বা অনিষ্ট থেকে বাঁচতে রাসুল (সা.) সকাল-সন্ধ্যায় তিনবার এই দোয়াটি পড়তে বলেছেন। নবীজি (সা.) নিশ্চিত করেছেন যে, এটি পাঠ করলে আসমান ও জমিনের কোনো কিছুই তার ক্ষতি করতে পারবে না।

‎দোয়া: বিসমিল্লাহিল্লাজি লা ইয়াদুররু মাআসমিহি শাইয়ুন ফিল আরদি ওয়ালা ফিস্সামাই ওয়া হুয়াসসামিউল আলিম। অর্থ: ‘আল্লাহর নামে, যার নামের বরকতে আসমান ও জমিনের কোনো কিছুই কোনো ক্ষতি করতে পারে না। তিনি সবকিছু শোনেন ও জানেন।’

‎কিয়ামতের ময়দানে অনন্য হওয়ার জিকির

‎হাদিসে এসেছে, যে ব্যক্তি সকাল ও সন্ধ্যায় ১০০ বার ‘সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি’ (আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি এবং তার প্রশংসা করছি) পাঠ করবে, কিয়ামতের দিন আমলনামার বিচারে তার চেয়ে শ্রেষ্ঠ আর কেউ হবে না; কেবল সেই ব্যক্তি ছাড়া যে তার সমান বা তার চেয়ে বেশি বার এটি পড়েছে।

‎আয়াতুল কুরসির মর্যাদা ও নিরাপত্তা

‎প্রত্যেক ফরজ নামাজের পর এবং সকাল-সন্ধ্যায় আয়াতুল কুরসি পাঠ করার গুরুত্ব অপরিসীম। এটি পাঠকারীকে জিন্নাত ও শয়তানের প্ররোচনা থেকে যেমন দূরে রাখে, তেমনি রাসুল (সা.) বলেছেন, আয়াতুল কুরসি পাঠকারী ও জান্নাতের মাঝে কেবল মৃত্যুই বাধা হয়ে থাকে।

‎সব দুশ্চিন্তা থেকে মুক্তির আমল

‎জীবন ও জীবিকা নিয়ে মানুষের দুশ্চিন্তার শেষ নেই। হাদিস অনুযায়ী, কোনো মুমিন যদি সকালে ও সন্ধ্যায় সাতবার নিচের দোয়াটি পাঠ করে, তবে দুনিয়া ও আখিরাতের সব পেরেশানির জন্য আল্লাহ তাআলাই যথেষ্ট হবেন।

‎দোয়া: হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া, আলাইহি তাওয়াক্কালতু, ওয়া হুয়া রাব্বুল আরশিল আজিম।অর্থ: আল্লাহই আমার জন্য যথেষ্ট, তিনি ছাড়া আর কোনো সত্য ইলাহ নেই। আমি তার ওপরই ভরসা করি। আর তিনি মহান আরশের প্রতিপালক।

সারাবাংলা/এনএল/এএসজি
বিজ্ঞাপন

আরো