Tuesday 30 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হোয়াটসঅ্যাপে যুক্ত হচ্ছে ‘অ্যানিমেটেড বাবল’

সারাবাংলা ডেস্ক
৩০ জুন ২০২৬ ১৬:২৩

ব্যবহারকারীদের চ্যাটিংয়ের অভিজ্ঞতাকে আরও প্রাণবন্ত ও আধুনিক করতে নতুন একটি ফিচার নিয়ে কাজ করছে মেটার মালিকানাধীন জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। সাধারণত বর্তমানে হোয়াটসঅ্যাপে কোনো বার্তা এলে তা সরাসরি স্ক্রিনে ভেসে ওঠে। তবে নতুন এই ‘অ্যানিমেটেড মেসেজ বাবলস’ ফিচারটি চালু হলে, মেসেজগুলো একটি মৃদু ফেড-ইন ইফেক্টের মাধ্যমে ধীরে ধীরে স্ক্রিনে দৃশ্যমান হবে। দৃশ্যত পরিবর্তনটি ছোট মনে হলেও, এটি ব্যবহারকারীদের প্রতিদিনের চ্যাটিংয়ের অভিজ্ঞতাকে আরও প্রিমিয়াম ও মসৃণ করে তুলবে।

ব্যবহারকারীদের স্বাচ্ছন্দ্যের কথা বিবেচনা করে এই ফিচারের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ রাখার সুযোগ দিচ্ছে হোয়াটসঅ্যাপ। অ্যাপের সেটিংসের ভেতর ‘চ্যাটস’ অপশনে ‘অ্যানিমেশন’ নামে নতুন একটি সেকশন যুক্ত হতে যাচ্ছে। সেখান থেকে ব্যবহারকারীরা চাইলে সহজেই এই অ্যানিমেশন ইফেক্টটি অন বা অফ করে রাখতে পারবেন। উল্লেখ্য, অ্যানিমেটেড ইমোজি, স্টিকার ও জিআইএফ (GIF) নিয়ন্ত্রণ করার সুবিধাও এই একই সেকশনে পাওয়া যাবে।

বিজ্ঞাপন

আপাতত ফিচারটি অ্যান্ড্রয়েড এবং আইফোনের নির্দিষ্ট কিছু বিটা সংস্করণে পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে। মেটা বা হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো এটি সবার জন্য উন্মুক্ত করার সুনির্দিষ্ট দিনক্ষণ জানানো হয়নি।

প্রযুক্তি বিশেষজ্ঞদের ধারণা, বিটা টেস্টিং সফলভাবে শেষ হলে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই নিয়মিত আপডেটের মাধ্যমে সাধারণ ব্যবহারকারীরা এই নতুন ইন্টারফেসের সুবিধা উপভোগ করতে পারবেন।

সারাবাংলা/এনএল/এএসজি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর