Tuesday 30 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গুগল ম্যাপসে দ্রুততম রুট পাওয়ার সহজ ট্রিকস

সারাবাংলা ডেস্ক
৩০ জুন ২০২৬ ১৭:২৯

অচেনা কোনো গন্তব্যে যাওয়া কিংবা শর্টকাট রাস্তা খোঁজার জন্য গুগল ম্যাপস এখন আমাদের নিত্যদিনের সঙ্গী। দ্রুততম সময়ে গন্তব্যে পৌঁছাতে অনেকেই এই অ্যাপের ওপর চোখ বন্ধ করে ভরসা করেন। কিন্তু মাঝে মাঝে দেখা যায়, ম্যাপস আপনাকে সহজ রাস্তার বদলে অনেক ঘুরতি বা যানজটের রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে। আপনার সাথেও যদি এমনটা ঘটে থাকে, তবে অ্যাপের ভেতরে থাকা একটি ছোট সেটিং পরিবর্তন করেই এই ঝামেলার অবসান ঘটাতে পারেন।

কেন লম্বা বা ঘুরতি রাস্তা দেখায়?

গুগল ম্যাপসে এমন রুট দেখানোর পেছনে মূলত কাজ করে এর ‘ফুয়েল-এফিশিয়েন্ট রুটস’ বা জ্বালানি সাশ্রয়ী ফিচারটি। এই ফিচারের মূল কাজ হলো এমন পথ খুঁজে বের করা, যাতে গাড়ির তেল বা গ্যাস কম খরচ হয়। অনেক সময় দুটি রাস্তার মধ্যে সময়ের ব্যবধান সামান্য হলে, গুগল ম্যাপস কম দূরত্বের রাস্তার চেয়ে যে রাস্তায় জ্বালানি বাঁচবে, সেটিকেই আগে দেখায়। ফলে অনেক সময় আপনাকে বেশি সময় ধরে বা জ্যামের রাস্তায় গাড়ি চালাতে হতে পারে।

বিজ্ঞাপন

দ্রুততম রুট পাওয়ার সহজ ট্রিকস

আপনার কাছে যদি জ্বালানি সাশ্রয়ের চেয়ে দ্রুত গন্তব্যে পৌঁছানোটা বেশি গুরুত্বপূর্ণ হয়, তবে এই ফিচারটি বন্ধ করে দেওয়াই ভালো। সেটিংটি যেভাবে পরিবর্তন করবেন…

প্রথমে আপনার ফোনে গুগল ম্যাপস (Google Maps) অ্যাপটি খুলুন।

আপনার প্রোফাইল ছবিতে ট্যাপ করে সেটিংস (Settings) অপশনে যান।

এবার নিচের দিকে স্ক্রল করে নেভিগেশন সেটিংস (Navigation Settings)-এ ক্লিক করুন।

সেখানে ‘Prefer fuel-efficient routes’ নামক অপশনটি দেখতে পাবেন, সেটি বন্ধ (Off) করে দিন।

ব্যস, এই সামান্য পরিবর্তনের পর থেকে গুগল ম্যাপস আপনাকে সবার আগে সবচেয়ে কম সময়ের ও দ্রুততম রুটটি সাজেস্ট করবে।

রুট চেনার সহজ উপায়

আপনি যদি সেটিংটি পরিবর্তন করতে না-ও চান, তাহলেও একটু সতর্ক থেকে সঠিক রাস্তা বেছে নিতে পারেন। গুগল ম্যাপসে কোনো গন্তব্য সার্চ করার পর রুটের পাশে যদি একটি সবুজ পাতার আইকন দেখতে পান, তবে বুঝবেন সেটি হলো জ্বালানি সাশ্রয়ী পথ। ম্যাপে সবসময় মূল রুটের পাশাপাশি কিছু বিকল্প রাস্তাও (Alternative Routes) দেখানো হয়। তাড়াহুড়ো থাকলে শুধু প্রথম রুটটি ধরে না এগিয়ে, বিকল্প রাস্তাগুলোর সময় ও দূরত্ব দেখে নিজের সুবিধা অনুযায়ী পথ বেছে নিন।