আজকালকার আধুনিক মোটরসাইকেলগুলো থেকে ‘কিক স্টার্ট’ ফিচারটি প্রায় উঠেই গেছে। স্পোর্টস বাইক থেকে শুরু করে সাধারণ কমিউটার বাইক, সবখানেই এখন কেবল ‘সেলফ স্টার্ট’-এর জয়জয়কার। কিন্তু বিপত্তি বাঁধে তখন, যখন মাঝরাস্তায় হুট করে বাইকের ব্যাটারি ডাউন হয়ে যায় কিংবা সেলফ নষ্ট হয়ে যায়। আশেপাশে কোনো গ্যারেজ না থাকলে তখন ভারী বাইক ঠেলে নিয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। তবে চিন্তা নেই! কোনো বাড়তি খাটনি বা ধাক্কাধাক্কি ছাড়াই কিক ও সেলফ ছাড়া বাইক স্টার্ট দেওয়ার একটি দুর্দান্ত মেকানিকাল ট্রিকস রয়েছে, যা বিপদের সময় আপনার দারুণ কাজে আসবে।
আসুন জেনে নেই, এই উপায়…
চাকা ঘুরিয়ে ইঞ্জিন স্টার্ট!
শুনতে অবাক লাগলেও, সেলফ নষ্ট হয়ে গেলে বাইকের পেছনের চাকা ব্যবহার করেই মাত্র এক মিনিটে ইঞ্জিন চালু করে ফেলা সম্ভব। কিক স্টার্ট দেওয়ার সময় ইঞ্জিনের ভেতরে যে মেকানিজম কাজ করে, এই পদ্ধতিতেও ঠিক একই নীতি কাজ করে।
চাকা দিয়ে বাইক স্টার্ট করার সহজ নিয়ম
১. ডবল স্ট্যান্ডে দাঁড় করান: প্রথমে বাইকটিকে অবশ্যই মেইন স্ট্যান্ড বা ডবল স্ট্যান্ডে খাড়া করুন। সিঙ্গেল স্ট্যান্ডে এই ট্রিকস কাজ করবে না, কারণ পেছনের চাকাটি শূন্যে থাকা জরুরি।
২. ইগনিশন অন করুন: বাইকের চাবি দিয়ে সুইচ অন (Ignition On) করুন এবং কিল সুইচটি (Kill Switch) চালু আছে কি না নিশ্চিত হয়ে নিন।
৩. টপ গিয়ার দিন: এবার ক্লাচ চেপে বাইকটিকে এর সর্বোচ্চ গিয়ারে (৪র্থ বা ৫ক গিয়ার) নিয়ে যান। নিউট্রাল বা ১ নম্বর গিয়ারে এই কাজ করা যাবে না।
৪. চাকা ঘোরান: এবার বাইকের ঠিক পেছনে বা পাশে পজিশন নিন। দুই হাত দিয়ে পেছনের চাকাটি শক্ত করে ধরে পুরো শক্তি দিয়ে সামনের দিকে (যেদিকে গাড়ি এগিয়ে যায়) এক ঝটকায় ঘোরান।
ব্যস! চাকাটি জোরে ঘোরার সাথে সাথেই কিকের মতো করে ইঞ্জিনটি গর্জে উঠবে এবং বাইক স্টার্ট হয়ে যাবে। স্টার্ট হওয়ার পর পরই ক্লাচ চেপে ধরে গিয়ার নিউট্রাল করে নিন।
কেন এই ট্রিকসটি জেনে রাখা জরুরি?
উচ্চ সিসির (Engine Capacity) আধুনিক বাইকগুলোতে কিক লিভার না থাকায় এই ধরনের সমস্যায় পড়ার ঝুঁকি বেশি থাকে। এই চাকা ঘোরানোর কৌশলের জন্য আপনার কোনো বাড়তি টুলস বা যন্ত্রপাতির প্রয়োজন হবে না, শুধু নিজের হাতের শক্তিই যথেষ্ট। তাই নির্জন কোনো রাস্তায় বা হাইওয়েতে ব্যাটারি ডেড হয়ে গেলে আতঙ্কিত না হয়ে এই সহজ টোটকাটি ব্যবহার করে সহজেই গন্তব্যে রওনা হতে পারবেন।