Saturday 04 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফেসবুক হ্যাকিং ঠেকাবে যে ফিচার

সারাবাংলা ডেস্ক
৪ জুলাই ২০২৬ ১৯:৪০

সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যাকাউন্ট হ্যাকিং, ভুয়া আইডি বা প্রোফাইলের নিয়ন্ত্রণ হারানোর মতো ঘটনা প্রায়ই ঘটছে। এই ধরনের নিরাপত্তা ঝুঁকি এড়াতে মেটা তাদের ফেসবুক প্ল্যাটফর্মে যুক্ত করেছে ‘ভেরিফিকেশন সেলফি’ (Verification Selfie) নামের একটি বিশেষ ফিচার। এর মাধ্যমে অ্যাকাউন্টের প্রকৃত মালিকানা দ্রুত প্রমাণ করা সম্ভব, যা যেকোনো সন্দেহজনক লগইন বা হ্যাকিংয়ের চেষ্টা নস্যাৎ করে দেয়।

আসুন জেনে নেই, এই ফিচারের বিস্তারিত…

ফিচারটি যেভাবে আপনার অ্যাকাউন্ট সুরক্ষিত রাখবে

এটি মূলত একটি ফেসিয়াল রিকগনিশন বা বায়োমেট্রিক নিরাপত্তা স্তর। যদি কখনো আপনার প্রোফাইল হ্যাক হয় বা কোনো ডিভাইস থেকে সন্দেহজনকভাবে লগইন করার চেষ্টা করা হয়, তখন ফেসবুক এই সেলফি যাচাইকরণের মাধ্যমে নিশ্চিত করবে যে ব্যক্তিটি আসলেই আপনি কি না। ফলে অন্য কেউ আপনার পাসওয়ার্ড জানলেও অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবে না।

বিজ্ঞাপন

‘ভেরিফিকেশন সেলফি’ চালু করার সহজ নিয়ম

১. মেনুতে প্রবেশ: স্মার্টফোন থেকে ফেসবুক অ্যাপ ওপেন করে ডানদিকের থ্রি-লাইন (Menu) অপশনে ট্যাপ করুন।

২. অ্যাকাউন্টস সেন্টার: এরপর Settings & Privacy থেকে Settings-এ যান এবং Accounts Center অপশনটি বেছে নিন।
৩. ফিচার সিলেকশন: এখানে থাকা Password and Security অপশনে ক্লিক করলে Verification Selfie দেখতে পাবেন। সেখানে আপনার নির্দিষ্ট প্রোফাইলটি সিলেক্ট করুন।

৪. কোড যাচাই: এবার Next বাটনে চাপুন। আপনার অ্যাকাউন্টে থাকা ইমেইলে একটি ওটিপি (OTP) বা ভেরিফিকেশন কোড যাবে। কোডটি বসিয়ে আবার Next দিন।

৫. সেলফি রেকর্ড: এরপর Start Selfie-তে ক্লিক করে ক্যামেরার পারমিশন দিন। স্ক্রিনে আসা নির্দেশনা অনুযায়ী (যেমন: মাথা ঘোরানো, ডানে-বামে তাকানো বা চোখ পিটপিট করা) আপনার মুখের স্ক্যান বা ভিডিও সেলফি প্রক্রিয়াটি সম্পন্ন করুন।

সঠিকভাবে ধাপগুলো শেষ করলেই ফিচারটি আপনার আইডিতে অ্যাক্টিভ হয়ে যাবে।

মনে রাখা জরুরি: বাড়তি কিছু সতর্কতা

বিশেষজ্ঞদের পরামর্শ: শুধু এই একটি ফিচার চালু করলেই যে অ্যাকাউন্ট শতভাগ হ্যাক-প্রুফ হয়ে যাবে, তা কিন্তু নয়। ডিজিটাল সুরক্ষাকে নিশ্ছিদ্র করতে এর পাশাপাশি আরও কিছু নিয়ম মেনে চলা উচিত…

টু-ফ্যাক্টর অথেনটিকেশন (2FA): অবশ্যই আইডিতে টু-ফ্যাক্টর সিকিউরিটি অন রাখুন।

কঠিন পাসওয়ার্ড: নাম বা জন্মশাল দিয়ে সহজ পাসওয়ার্ড না দিয়ে প্রতীক, সংখ্যা ও অক্ষরের মিশ্রণে শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করুন।

অপরিচিত লিংক এড়িয়ে চলা: ইনবক্সে বা টাইমলাইনে আসা যেকোনো লোভনীয় বা সন্দেহজনক লিংকে ক্লিক করা থেকে বিরত থাকুন।

তথ্য আপডেট: অ্যাকাউন্টের সাথে যুক্ত ফোন নম্বর এবং ইমেইল অ্যাড্রেসটি সবসময় সচল ও আপডেট রাখুন।

সারাবাংলা/এনএল/এএসজি