Sunday 16 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ফুয়েল ট্যাংকের জং থেকে বাইক বাঁচানোর কার্যকরী উপায়

সারাবাংলা ডেস্ক
৬ জুলাই ২০২৬ ১৭:২৩

মোটরসাইকেল আমাদের নিত্যদিনের যাতায়াতের প্রধান সঙ্গী। তবে এর দীর্ঘস্থায়িত্ব ও মসৃণ পারফরম্যান্স বজায় রাখতে নিয়মিত দেখভালের কোনো বিকল্প নেই। বাইকের অন্যতম সংবেদনশীল অংশ হলো এর ফুয়েল ট্যাংক। কোনো কারণে যদি ফুয়েল ট্যাংকে জং বা মরিচা ধরে, তবে তা জ্বালানির গুণগত মান নষ্ট করার পাশাপাশি পুরো ইঞ্জিনের মারাত্মক ক্ষতি করতে পারে।

আসুন জেনে নেই, মোটরসাইকেলে জং প্রতিরোধের সহজ উপায়…

ফুয়েল ট্যাংকে জং ধরার মূল কারণসমূহ

মোটরসাইকেলের মেটাল বা ধাতব ট্যাংকের ভেতরের অংশ যখন বাতাস ও আর্দ্রতার সংস্পর্শে আসে, তখনই মূলত কেমিক্যাল রিঅ্যাকশনের কারণে মরিচা পড়ে। এর পেছনে সুনির্দিষ্ট কিছু কারণ রয়েছে:

বিজ্ঞাপন

আর্দ্রতা ও পানির প্রবেশ: বর্ষার বৃষ্টি, ধোয়া-মোছার সময় ঢুকে যাওয়া পানি কিংবা বাতাসে থাকা অতিরিক্ত আর্দ্রতার কারণে ট্যাংকের ভেতরে জলীয় কণা জমে, যা ধাতুকে ক্ষয় করে জং তৈরি করে।

ভেজাল বা নিম্নমানের জ্বালানি: অনেক সময় কম দামি বা নিম্নমানের পেট্রোল-অকটেন ব্যবহার করলে তাতে থাকা পানি ট্যাংকের নিচে জমা হতে থাকে এবং ভেতরের অংশকে মরিচাক্রান্ত করে।

দীর্ঘদিন অব্যবহৃত রাখা: মোটরবাইক যদি অনেক দিন স্টার্ট না দিয়ে ফেলে রাখা হয়, তবে ট্যাংকের ভেতরের জ্বালানি ও জমে থাকা আর্দ্রতা স্থির হয়ে জং ধরার ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দেয়।

ট্যাংক খালি বা অর্ধেক রাখা: ফুয়েল ট্যাংক ফাঁকা বা আংশিক পূর্ণ থাকলে ভেতরের ফাঁকা জায়গায় বাতাস জমে থাকে। এই বাতাসের অক্সিজেন লোহার সাথে বিক্রিয়া করে মরিচা সৃষ্টি করে।

জং বা মরিচা ঠেকানোর কার্যকরী উপায়

বাইক রাইডাররা একটু সচেতন হয়ে কিছু সহজ পদক্ষেপ নিলেই এই অনাকাঙ্ক্ষিত সমস্যা থেকে মুক্তি পেতে পারেন…

ট্যাংক ফুল রাখুন: ফুয়েল ট্যাংক একদম খালি না রেখে সবসময় পর্যাপ্ত জ্বালানি দিয়ে পূর্ণ রাখুন। ট্যাংক ফুল থাকলে ভেতরে বাতাস জমার সুযোগ পায় না, ফলে জং ধরার আশঙ্কাও থাকে না।

সুরক্ষিত স্থানে পার্কিং: বৃষ্টি ও অতিরিক্ত আর্দ্রতা থেকে বাইককে দূরে রাখুন। গ্যারেজে বাইক রাখার চেষ্টা করুন কিংবা বাইরে পার্ক করলে ভালো মানের ওয়াটারপ্রুফ বাইক কভার ব্যবহার করুন।

ফুয়েল স্ট্যাবিলাইজার ব্যবহার: জ্বালানির মান ঠিক রাখতে এবং ট্যাংকের ভেতরে জমে থাকা জলীয় অংশকে নিষ্ক্রিয় করতে ভালো মানের ফুয়েল স্ট্যাবিলাইজার বা অ্যাডিটিভ ব্যবহার করতে পারেন।

নিয়মিত ক্লিনিং ও ফুয়েল লাইন চেক: নির্দিষ্ট সময় পরপর ফুয়েল ট্যাংক খুলে ভেতরের অংশ এবং ফুয়েল লাইন ভালোভাবে পরিষ্কার ও পরীক্ষা করানো উচিত।

রাস্ট প্রুফ লাইনার বা কোটিং: ট্যাংকের ভেতরের দেওয়ালে মরিচারোধী বিশেষ পেইন্ট, লিকুইড লাইনার বা রাস্ট প্রুফ কোটিং করিয়ে নিতে পারেন। এটি ধাতব পাতকে সরাসরি পানি বা বাতাসের সংস্পর্শে আসতে দেয় না।

উল্লেখ্য, ফুয়েল ট্যাংকের মরিচা কেবল বাইকের কার্যক্ষমতাই কমায় না, বরং পরবর্তীতে মেরামতের জন্য বড় অঙ্কের আর্থিক ক্ষতিও ডেকে আনে। তাই সঠিক সময়ে যত্ন নিন এবং আপনার প্রিয় বাইকটিকে রাখুন সবসময় নতুনের মতো সচল।

সারাবাংলা/এনএল/এএসজি
বিজ্ঞাপন

আরো