প্রতিদিনের জরুরি কাজের ই-মেইল হোক কিংবা গুগল ড্রাইভের ফাইল ব্যাকআপ, জিমেইল আমাদের ডিজিটাল জীবনের অবিচ্ছেদ্য অংশ। কিন্তু সমস্যা বাঁধে তখন, যখন স্ক্রিনের ওপর ভেসে ওঠে ‘Storage is almost full’ বা ‘স্টোরেজ ফুল’ নোটিফিকেশন। গুগলের দেওয়া ফ্রি ১৫ জিবি স্টোরেজ মূলত জিমেইল, গুগল ড্রাইভ ও গুগল ফটোজ—এই তিনটি প্ল্যাটফর্মের মধ্যে শেয়ার করা থাকে। বিভিন্ন ব্র্যান্ডের অপ্রয়োজনীয় প্রমোশনাল মেইল, নিউজলেটার আর ফালতু নোটিফিকেশনের আড়ালে কাজের মেইলগুলো হারিয়ে যাওয়ার পাশাপাশি জিমেইলের মূল্যবান স্পেসও নষ্ট হয়।
প্রতিটি মেইল ধরে ধরে একটি একটি করে ডিলিট করা যেমন ঝামেলার, তেমনই সময়সাপেক্ষ। তবে জিমেইলের কিছু গোপন শর্টকাট ট্রিকস জানা থাকলে আপনি মাত্র এক ক্লিকেই ইনবক্স থেকে হাজার হাজার আবর্জনা ই-মেইল এক নিমেষে সাফ করে দিতে পারবেন।
আসুন জেনে নেই, সেই পদ্ধতিগুলো…
বিজ্ঞাপনী বা প্রমোশনাল মেইল একসঙ্গে ডিলিট করার উপায়
ইনবক্সের সিংহভাগ জায়গা দখল করে রাখে বিভিন্ন ব্র্যান্ডের প্রচারণামূলক মেইল। এগুলো একবারে পরিষ্কার করার নিয়ম:
প্রথমে কম্পিউটার বা ল্যাপটপ থেকে জিমেইলে লগইন করুন।
ওপরের সার্চ বক্সে ইংরেজি শব্দ Unsubscribe লিখে এন্টার চাপুন।
এবার স্ক্রিনে শুধু সেই মেইলগুলোই আসবে, যেগুলোতে আনসাবস্ক্রাইব করার অপশন রয়েছে (অর্থাৎ বিজ্ঞাপনী মেইল)।
মেইল তালিকার ওপরের বাম কোণায় থাকা Check Box-টিতে টিক দিন।
এরপর ঠিক ওপরেই ভেসে ওঠা Select all conversations that match this search অপশনে ক্লিক করুন।
সবশেষে ওপরে থাকা Trash (ডিলিট) আইকনে ক্লিক করলেই সব মেইল একসাথে ট্র্যাশ বিনে চলে যাবে।
(একইভাবে আপনি ইনবক্সের Promotions বা Social ট্যাবে গিয়েও সব মেইল একসাথে সিলেক্ট করে মুছে ফেলতে পারেন।)
নির্দিষ্ট কোনো আইডি থেকে আসা সব মেইল সরাতে
অনেক সময় কোনো নির্দিষ্ট ব্যাংক, কোম্পানি বা ব্যক্তির মেইল ইনবক্স জ্যাম করে রাখে। সেগুলো একবারে ডিলিট করতে সার্চ বক্সে এভাবে লিখুন:
from:example@email.com (এখানে example@email.com এর জায়গায় কাঙ্ক্ষিত ইমেইল আইডিটি দিন)
আবার আপনার আইডি থেকে নির্দিষ্ট কাউকে পাঠানো সব মেইল খুঁজতে টাইপ করুন:
to:example@email.com
সার্চের রেজাল্ট আসার পর ওপরের নিয়ম অনুযায়ী সবগুলো মেইল একসাথে সিলেক্ট করে ‘ডিলিট’ বাটনে চাপ দিন।
নির্দিষ্ট তারিখ বা সময়ের মেইল খালি করতে
আপনি যদি চান একটি নির্দিষ্ট সময়ের আগের বা পরের সব মেইল ডিলিট করে দেবেন, তবে জিমেইলের সার্চ বক্সে লিখুন…
after:2025-01-01 (এখানে আপনার সুবিধামতো বছর-মাস-তারিখ বসিয়ে নিতে পারেন)
স্মার্টলি কাজ করতে আপনি চাইলে একাধিক শর্ত বা ফিল্টার একসাথেও ব্যবহার করতে পারেন। যেমন—
from:id@email.com OR after:2025-01-01
ব্যস, সার্চ রেজাল্টে আসা মেইলগুলো অল-সিলেক্ট করে ডিলিট করে দিন। আপনার ইনবক্স মুহূর্তেই হালকা হয়ে যাবে।
ভুল করে কাজের মেইল ডিলিট হলে কী করবেন?
ভুলবশত কোনো দরকারি মেইল ডিলিট হয়ে গেলেও প্যানিক হওয়ার কিছু নেই। জিমেইল থেকে ডিলিট করা মেইলগুলো সাথে সাথে চিরতরে হারিয়ে যায় না। এগুলো জিমেইলের ‘Trash’ বা ‘Bin’ ফোল্ডারে পরবর্তী ৩০ দিন পর্যন্ত জমা থাকে। এই ৩০ দিনের মধ্যে আপনি চাইলে যেকোনো মেইল সহজেই রিস্টোর বা পুনরুদ্ধার করতে পারবেন। তবে ৩০ দিন পার হয়ে গেলে গুগল সেগুলো স্বয়ংক্রিয়ভাবে চিরকালের জন্য মুছে দেয়।