বিনামূল্যে ফেসবুক অ্যাকাউন্ট ভেরিফাই করার সুযোগ দিচ্ছে এর মূল প্রতিষ্ঠান মেটা। এতদিন ভেরিফায়েড ব্যাজ বা নীল টিক পেতে মাসিক সাবস্ক্রিপশন ফি বা নির্দিষ্ট অর্থ গুণতে হলেও, নতুন এই উদ্যোগের ফলে ব্যবহারকারীরা এক টাকা খরচ না করেই তাদের প্রোফাইল ভেরিফাই করার সুযোগ পাবেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া অ্যাকাউন্ট ও পরিচয় জালিয়াতি রোধ করার পাশাপাশি সত্যিকারের ব্যবহারকারীদের পরিচয় নিশ্চিত করতেই মেটা এই নতুন ফিচারটি নিয়ে এসেছে। তবে এই সুবিধা পাওয়ার জন্য প্রতিটি ব্যবহারকারীকে মেটার নির্ধারিত কিছু নির্দিষ্ট শর্ত ও যাচাইকরণ প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে।
আসুন জেনে নেই, আবেদনের উপায় ও শর্তাবলি…
কীভাবে আবেদন করবেন?
১. আবেদন প্রক্রিয়া: আগ্রহীদের প্রথমেই নিজেদের মূল ফেসবুক অ্যাকাউন্ট থেকে সরাসরি ভেরিফিকেশনের জন্য আবেদন করতে হবে।
২. ভিডিও ভেরিফিকেশন: আবেদন করার সময় একটি সংক্ষিপ্ত সেলফি ভিডিও রেকর্ড করে জমা দিতে হবে।
৩. পরিচয় যাচাই: মেটার স্বয়ংক্রিয় প্রযুক্তি আপনার দেয়া ভিডিওটির সঙ্গে প্রোফাইল ছবির মিল পরীক্ষা করে দেখবে। তথ্য ও ছবি মিলে গেলে মাত্র অল্প কিছুক্ষণের মধ্যেই প্রোফাইলে যুক্ত হয়ে যাবে কাঙ্ক্ষিত ব্যাজটি।
ব্যাজ পাওয়ার জরুরি শর্তাবলি
বয়সসীমা: আবেদনকারীর বয়স অন্তত ১৮ বছর বা তার বেশি হতে হবে।
পরিচ্ছন্ন রেকর্ড: অ্যাকাউন্টে কোনো প্রকার জালিয়াতি, ভুয়া তথ্য বা ফেসবুকের নিয়মনীতি (Community Guidelines) লঙ্ঘনের ইতিহাস থাকা চলবে না।
শুধু ব্যক্তিগত অ্যাকাউন্টে: সুবিধাটি আপাতত কেবল সাধারণ ব্যক্তিগত (Personal) প্রোফাইলের জন্য উন্মুক্ত। কোনো ফেসবুক পেজ বা ‘প্রোফেশনাল মোড’ অন থাকা অ্যাকাউন্টে এটি প্রযোজ্য হবে না।
ভেরিফায়েড ব্যাজ কোথায় কোথায় দেখা যাবে?
শুরুর দিকে ব্যাজটি প্রোফাইল, ফেসবুক মার্কেটপ্লেস, বিভিন্ন গ্রুপ এবং ডেটিং অপশনে প্রদর্শিত হবে। পরবর্তীতে পর্যায়ক্রমে টাইমলাইনের স্বাভাবিক পোস্টগুলোতেও এটি দৃশ্যমান করা হবে।
এদিকে, মেটা স্পষ্ট জানিয়েছে, এই ব্যাজের মূল লক্ষ্য হলো অ্যাকাউন্টের পেছনে একজন রক্ত-মাংসের আসল মানুষ রয়েছেন তা নিশ্চিত করা। এটি কাউকেই আলাদাভাবে কোনো বিশেষ মর্যাদা দেয় না বা শতভাগ বিশ্বাসযোগ্যতার সনদ দেয় না। প্ল্যাটফর্মটি ব্যবহারের ক্ষেত্রে সব গ্রাহককেই আগের মতো মেটার নীতিমালা মেনে চলতে হবে।
প্রাথমিকভাবে বিশ্বের নির্দিষ্ট কয়েকটি দেশের ব্যবহারকারীরা এই সুযোগ পাচ্ছেন। তবে পর্যায়ক্রমে অন্যান্য দেশগুলোতেও এই সুবিধা সম্প্রসারণ করা হবে।