আধুনিক যোগাযোগের অন্যতম নির্ভরযোগ্য মাধ্যম হোয়াটসঅ্যাপ। কিন্তু হুট করেই যদি অ্যাপে ঢুকে দেখেন আপনার অ্যাকাউন্টটি ‘আন্ডার রিভিউ’ বা বন্ধ হয়ে গেছে, তবে দুশ্চিন্তায় পড়া স্বাভাবিক। অ্যাপের শর্তাবলি অমান্য করা কিংবা হঠাৎ কোনো কারিগরি ত্রুটির কারণে প্রায়ই এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয় ব্যবহারকারীদের।
সম্প্রতি বিশ্বজুড়ে কারিগরি গোলযোগের কারণে বহু মানুষের অ্যাকাউন্টে ‘টার্মস অব সার্ভিস’ যাচাইয়ের নোটিশ ভেসে উঠেছিল। যদিও মেটা দ্রুততম সময়ে সমস্যার সমাধান করে ব্যবহারকারীদের অ্যাকাউন্ট ফিরিয়ে দেয়। প্রতিষ্ঠানটি প্রতি মাসে প্রায় ৩০০ কোটি সক্রিয় ব্যবহারকারীর ওপর স্বয়ংক্রিয় নজরদারি চালায়। তাই সামান্য অনিয়মের কারণেও সচল অ্যাকাউন্টটি বন্ধ হয়ে যেতে পারে।
আসুন জেনে নেই লক হওয়া থেকে বাঁচতে অ্যাকাউন্ট সুরক্ষায় কি করবেন…
যেসব কারণে অ্যাকাউন্ট রিভিউ বা ব্যান হতে পারে
হোয়াটসঅ্যাপ মূলত দুই ধরনের পদক্ষেপ নেয়: ২৪ থেকে ৪৮ ঘণ্টার সাময়িক স্থগিতাদেশ এবং দীর্ঘমেয়াদি বা স্থায়ী নিষেধাজ্ঞা। সচরাচর যেসব ভুলের কারণে অ্যাকাউন্ট ঝুঁকিতে পড়ে…
অননুমোদিত থার্ড-পার্টি অ্যাপ: জিবি হোয়াটসঅ্যাপ, হোয়াটসঅ্যাপ প্লাস বা ইয়ো-হোয়াটসঅ্যাপের মতো মোড করা বা থার্ড-পার্টি অ্যাপ ব্যবহার করলে অ্যাপের মূল নিরাপত্তা শর্ত লঙ্ঘিত হয়, যা অ্যাকাউন্ট বন্ধের অন্যতম প্রধান কারণ।
গণহারে বার্তা প্রেরণ (স্প্যামিং): স্বল্প সময়ে অনেক অচেনা কিংবা অসংরক্ষিত নম্বরে একজাতীয় বার্তা পাঠালে স্বয়ংক্রিয় সিস্টেম সেটিকে স্প্যাম হিসেবে শনাক্ত করে।
ব্যবহারকারীদের মাধ্যমে রিপোর্ট ও ব্লক: কম সময়ের ব্যবধানে অনেক ব্যবহারকারী নির্দিষ্ট কোনো নম্বরকে রিপোর্ট বা ব্লক করলে সেটি সন্দেহজনক আইডি হিসেবে চিহ্নিত হয়।
ক্ষতিকারক বা নিষিদ্ধ তথ্য প্রচার: ঘৃণা ছড়ায় এমন মন্তব্য, মিথ্যা বা বিভ্রান্তিকর সংবাদ, হুমকি কিংবা অশালীন বিষয়বস্তু আদান-প্রদান করলে অ্যাকাউন্টের বিরুদ্ধে কঠোর আইনি ও প্রযুক্তিগত ব্যবস্থা নেওয়া হয়।
বট ও স্বয়ংক্রিয় স্ক্রিপ্টিং: কৃত্রিম উপায়ে দ্রুত বার্তা পাঠানো বা স্বয়ংক্রিয় বট ব্যবহার করে তথ্য সংগ্রহ (ডেটা স্ক্র্যাপিং) করা হোয়াটসঅ্যাপের নীতিমালার পরিপন্থী।
অ্যাকাউন্ট নিরাপদ রাখার কার্যকর উপায়
১. অফিশিয়াল অ্যাপ ব্যবহার: সবসময় গুগল প্লে স্টোর, অ্যাপল অ্যাপ স্টোর বা প্রাতিষ্ঠানিক ওয়েব পেজ থেকে আসল হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশন ডাউনলোড করুন।
২. ব্যবসায়িক সংযোগে অফিশিয়াল টুলস: প্রাতিষ্ঠানিক বা ব্যবসায়িক প্রচারণার উদ্দেশ্যে বিপুল পরিমাণ বার্তা পাঠাতে হলে থার্ড-পার্টি পথ এড়িয়ে ‘হোয়াটসঅ্যাপ বিজনেস এপিআই’ গ্রহণ করুন।
৩. সচেতন বার্তা আদান-প্রদান: অচেনা নম্বরে অপ্রয়োজনীয় মেসেজ এবং ভিত্তিহীন কোনো তথ্য যাচাই ছাড়া ফরোয়ার্ড করা থেকে বিরত থাকুন।
৪. স্বাভাবিক ব্যবহার বজায় রাখা: অ্যাকাউন্টে হঠাৎ অস্বাভাবিক মাত্রায় কার্যকলাপ বাড়াবেন না, যা সিস্টেমকে বিভ্রান্ত করতে পারে।
অ্যাকাউন্ট লক হয়ে গেলে তাৎক্ষণিক করণীয়
আপনার অ্যাকাউন্ট হঠাৎ ‘আন্ডার রিভিউ’ বা লক হয়ে পড়লে ঘাবড়ে না গিয়ে নিচের ধাপগুলো অনুসরণ করুন…
সরাসরি পুনরীক্ষণের আবেদন: অ্যাপের স্ক্রিনে থাকা ‘Request a Review’ (রিভিউ রিকোয়েস্ট) অপশনে ক্লিক করুন। কেন আপনি কোনো শর্ত ভাঙেননি, তা সংক্ষেপে ও স্পষ্ট ভাষায় লিখে সাপোর্ট টিমের কাছে পাঠান।
ভুল হলে স্বয়ংক্রিয় পুনরুদ্ধার: সাময়িক এই জটিলতা যদি কোনো কারিগরি ত্রুটি কিংবা সিস্টেমের ভুলের কারণে হয়ে থাকে, তবে মেটা সাধারণত ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে যাচাই-বাছাই শেষে অ্যাকাউন্টের পুরো এক্সেস ফিরিয়ে দেয়।
অফিশিয়াল হেল্প সেন্টারে যোগাযোগ: অ্যাপ থেকে আবেদন কাজ না করলে হোয়াটসঅ্যাপের অফিশিয়াল ওয়েবসাইটের ‘Contact Us’ পেজে গিয়ে নিজের নম্বর ও বিস্তারিত জানিয়ে ইমেইল করুন।
অ্যাকাউন্ট সুরক্ষিত রাখার সবচেয়ে নিরাপদ কৌশল হলো মেটার নির্দেশিকা মেনে চলে অফিশিয়াল অ্যাপেই যুক্ত থাকা।