বর্তমান ডিজিটাল যুগে স্মার্টফোন ছাড়া আমাদের একদিনও চলে না। এনআইডি কার্ড সঙ্গে না থাকলেও হাতের মুঠোয় শোভা পায় অত্যাধুনিক হ্যান্ডসেট। তবে কখনো কি লক্ষ্য করেছেন, ফোনের ডিসপ্লের ওপরের কোণে হঠাৎ ছোট সবুজ, কমলা কিংবা নীল রঙের বিন্দু ফুটে ওঠে? অধিকাংশ ব্যবহারকারী বিষয়টিকে স্ক্রিনের গোলযোগ বা সিগন্যালের প্রযুক্তিগত ত্রুটি ভেবে এড়িয়ে যান। কিন্তু এই ছোট আলোগুলোই মূলত জানিয়ে দেয় আপনার ফোনের গোপনীয়তা নিরাপদ আছে, নাকি কোনো অসাধু চক্র গোপনে আপনার ওপর নজরদারি চালাচ্ছে।
প্রাইভেসি ইন্ডিকেটর আসলে কী?
আইফোন ও আধুনিক অ্যান্ড্রয়েড স্মার্টফোনের স্ক্রিনের ওপরের অংশে (স্ট্যাটাস বার বা ডাইনামিক আইল্যান্ডে) ভেসে ওঠা এই রঙিন বিন্দুগুলোকে প্রযুক্তি ভাষায় বলা হয় ‘প্রাইভেসি ইন্ডিকেটর’। ব্যবহারকারীর অজান্তে কোনো থার্ড-পার্টি অ্যাপ্লিকেশন যেন ক্যামেরা, মাইক বা লোকেশন ট্র্যাক করতে না পারে, সেজন্য টেক জায়ান্ট অ্যাপল ও গুগল এই বিশেষ নিরাপত্তা ফিচারটি যুক্ত করেছে।
কোন সংকেত কী নির্দেশ করে?
সবুজ আলো: ফোনে ক্যামেরা সচল থাকলে এই সংকেত জ্বলে ওঠে। নিজে ক্যামেরা দিয়ে ছবি তোলার সময় কিংবা হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার বা গুগল মিটে ভিডিও কলে কথা বলার সময় এটি দৃশ্যমান হয়।
কমলা আলো: এই নির্দেশকটি মূলত মাইক্রোফোন সক্রিয় থাকার বার্তা দেয়। সাধারণ ফোন কল, ভয়েস নোট রেকর্ড করা কিংবা গুগল অ্যাসিস্ট্যান্ট বা সিরি ব্যবহারের সময় কমলা বিন্দুটি দেখা যায়।
নীল আলো: ফোনের লোকেশন সার্ভিস (জিপিএস), স্ক্রিন শেয়ারিং বা ব্লুটুথ সংযোগ চালুর সংকেত দেয় নীল আলো। রাইড শেয়ারিং বা ফুড ডেলিভারি অ্যাপ যখন ব্যাকগ্রাউন্ডে অবস্থান ট্র্যাক করে, তখনও এটি জ্বলে উঠতে পারে।
কখন সতর্ক হতে হবে এবং কী করবেন?
আপনি কোনো ছবি তুলছেন না, ভিডিও বা ভয়েস কলেও নেই, এমনকি ফোনটি নিষ্ক্রিয় থাকা অবস্থায়ও যদি স্ক্রিনে এই ইন্ডিকেটরগুলো ক্রমাগত জ্বলতে-নিভতে দেখে থাকেন, তবে তা বড় কোনো বিপদের আগাম সংকেত। এর সরাসরি অর্থ হলো, কোনো ক্ষতিকর ম্যালওয়্যার বা স্পাইওয়্যার গোপনে আপনার অজান্তেই মাইক বা ক্যামেরা সচল রেখে ব্যক্তিগত তথ্য চুরি করছে।
এমন পরিস্থিতি তৈরি হলে কালক্ষেপণ না করে দ্রুত ডিসপ্লে ওপর থেকে নিচে সোয়াইপ করে কন্ট্রোল প্যানেল চেক করুন; সেখানে স্পষ্ট ভেসে উঠবে কোনো অ্যাপটি এই এক্সেস নিচ্ছে। অপরিচিত বা অনাকাঙ্ক্ষিত কোনো অ্যাপ্লিকেশন দেখলে অবিলম্বে ফোনের Settings > Privacy & Security বিভাগে গিয়ে পারমিশন বাতিল করুন এবং অ্যাপটি স্থায়ীভাবে ফোন থেকে মুছে ফেলুন (Uninstall)।