Sunday 16 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রেসিপি: কোরবানির মাংস দিয়ে কাঁঠালের বিচির ভর্তা

ইসরাত জাহান
২৫ জুন ২০২৫ ১৫:১১

বাংলাদেশে এখন গ্রীষ্মকাল—মৌসুমি ফলে ভরপুর এক অনন্য সময়। চারপাশে ছড়িয়ে আছে প্রাকৃতিক স্বাদ ও ঘ্রাণের এক অপরূপ উৎসব। এই সময়টাতে বাজারে পাওয়া যায় ঘ্রাণে-স্বাদে অতুলনীয় ‘কাঁঠাল’ আমাদের জাতীয় ফল। শুধু খাওয়ার জন্য নয়, এই ফলগুলো দিয়ে তৈরি করা যায় নানা পদের মুখরোচক খাবার। কাঁঠালের ফেলে দেওয়া বিচি আর কোরবানির গরুর মাংস দিয়ে তৈরি করা যায় অতুলনীয় কাঁঠালের বিচির ভর্তা। সহজ উপকরণে তৈরি এই পদ রান্নায় আনবে ভিন্ন স্বাদ ও মৌসুমি সৌরভের ছোঁয়া।

তাই আজ সারাবাংলার পাঠকদের জন্য কোরবানির মাংস ও কাঁঠালের বিচি দিয়ে তৈরি ভর্তার একটি সহজ এবং সুস্বাদু রেসিপি _

উপকরণ:

কাঁঠালের বিচি – ১৫ থেকে ২০টি
গরুর সেদ্ধ মাংস – ১ কাপ (হাড় ছাড়া, হাত দিয়ে চোটানো বা কুচানো)
পেঁয়াজ কুচি – ১/২ কাপ
রসুন কুচি – ১/৩ কাপ
শুকনা লঙ্কা – ৪-৫ টি (ভাজার জন্য)
কাঁচা লঙ্কা – ২টি (ইচ্ছামতো)
সরিষার তেল – ৩ টেবিল চামচ
আস্ত জিরা – ১ চা চামচ
কালি জিরা – ১ চা চামচ
টমেটো – ১ টা
লবণ – স্বাদমতো

বিজ্ঞাপন

প্রস্তুত প্রণালি:

১. কাঁঠালের বিচি ও মাংস সেদ্ধ ও ভাজা _
গরুর মাংস ও কাঁঠালের বিচিগুলো খোসা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে নিন। এরপর সামান্য লবণ ও পানি দিয়ে সেদ্ধ করে নিন।
সেদ্ধ হয়ে গেলে পানি ঝরিয়ে, সামান্য সরিষার তেলে কালিজিরা, জিরা, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, রসুন কুচি ও শুকনা লঙ্কার সাথে সামান্য তেলে হালকা ভেজে নিন। এতে স্বাদ ও ঘ্রাণ বাড়বে।

২. ভর্তা তৈরি _
একসাথে ভাজা মাংস, কাঁঠালের বিচি, শুকনা লঙ্কা, ভাজা কালোজিরা, জিরা, ভেজে নেয়া টমেটো, পিয়াজ, রসুন ভাজা ও লবণ দিয়ে ভালোভাবে বেটে নিন।

৩. তেল ও পেঁয়াজ দেওয়া _
এবার বাটা মিশ্রণের সঙ্গে ভালো করে মেশাতে হবে পেঁয়াজ ও কাঁচা লঙ্কা কুচি।

৪. শেষ পর্বে _
সবকিছু ভালোভাবে মাখিয়ে নিলে তৈরি হয়ে যাবে একেবারে নতুন স্বাদের ‘কোরবানির মাংস ও কাঁঠালের বিচির ভর্তা’।

পরিবেশন:

গরম ভাতের সাথে পরিবেশন করুন। চাইলে সাথে একটু লেবু চিপে নিতে পারেন। গ্রামীণ ঘ্রাণ আর ঈদের মাংসের ঝাঁজ মিলে এটি হবে একেবারে অন্যরকম স্বাদের ভর্তা।

সারাবাংলা/এএসজি