Sunday 16 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

প্রিয় পোশাকের উজ্জ্বল রঙ টেকসই করার গোপন কৌশল

লাইফস্টাইল ডেস্ক
৩১ মার্চ ২০২৬ ১৯:২৬

‎রঙিন পোশাকের আসল সৌন্দর্যই হলো তার গাঢ় ও প্রাণবন্ত রঙ। তবে ধোয়া বা শুকানোর সময় সাধারণ কিছু ভুলের কারণে প্রিয় পোশাকটি খুব দ্রুতই ফ্যাকাশে হয়ে পড়ে। সামান্য কিছু সতর্কতা অবলম্বন করলেই কিন্তু আপনার লাল, নীল বা সবুজ জামাটি থাকতে পারে বছরের পর বছর নতুনের মতো।

আসুন জেনে নেই বিশেষ কিছু টিপস…

‎লবণের জাদুকরী ব্যবহার

নতুন রঙিন কাপড় প্রথমবার ধোয়ার আগে আধা ঘণ্টা লবণ মিশ্রিত পানিতে ভিজিয়ে রাখুন। এটি কাপড়ের তন্তুতে রঙকে স্থায়ীভাবে বসাতে সাহায্য করে। ফলে পরবর্তী ধোয়ার সময় রঙ ওঠার ঝুঁকি কমে যায়।

কাপড় ধোয়ার সঠিক পদ্ধতি

‎উল্টো করে ধোয়া: কাপড় কাচার আগে অবশ্যই সেটি উল্টো করে নিন। এতে সাবানের ঘষা সরাসরি কাপড়ের ওপরের অংশে লাগে না।

বিজ্ঞাপন

ঠান্ডা পানির ব্যবহার: রঙিন কাপড়ের জন্য গরম পানি বিষের মতো। সবসময় সাধারণ তাপমাত্রার বা ঠান্ডা পানিতে কাপড় পরিষ্কার করুন।

‎দ্রুত ধুয়ে ফেলা: দীর্ঘক্ষণ ডিটারজেন্ট মেশানো পানিতে কাপড় ফেলে রাখবেন না। এতে তন্তু দুর্বল হয় এবং রঙ ফিকে হয়ে যায়।

‎পোশাক বাছাই করুন

‎যেসব কাপড়ের রঙ ওঠার ভয় থাকে, সেগুলো কখনোই সাদা বা হালকা রঙের কাপড়ের সাথে মেশাবেন না। একটির রঙ অন্যটিতে লেগে দামী পোশাকটি নষ্ট হয়ে যেতে পারে। তাই রঙিন কাপড় সবসময় আলাদাই ধোওয়া বুদ্ধিমানের কাজ।

‎রোদের হাত থেকে বাঁচান

‎সরাসরি কড়া রোদে রঙিন কাপড় শুকাতে দেওয়া একদম উচিত নয়। সূর্যের অতিবেগুনি রশ্মি কাপড়ের রঙ দ্রুত জ্বালিয়ে দেয়। তাই বাতাস চলাচল করে এমন ছায়াযুক্ত স্থানে উল্টো অবস্থায় কাপড় শুকিয়ে নিন।

‎ড্রাই ক্লিনিং ও পরিমিত ব্যবহার

‎খুব বেশি ময়লা না হলে ঘনঘন কাপড় না কাচায় ভালো। দামী বা শৌখিন পোশাকের ক্ষেত্রে ঘরে না ধুয়ে ‘ড্রাই ক্লিন’ করিয়ে নিতে পারেন। এতে কাপড়ের বুনন ও উজ্জ্বলতা, উভয়ই অটুট থাকে।

সারাবাংলা/এনএল/এএসজি