Sunday 16 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

স্বাদে ভিন্নতা আনতে সহজে রাঁধুন ঐতিহ্যবাহী ‘মাটন ডাকবাংলো’

লাইফস্টাইল ডেস্ক
২৯ মে ২০২৬ ১৯:৫৭

ঈদে খাসির মাংসের চেনা রেজালা বা চর্বিযুক্ত ভুনা তো সবসময়ই খাওয়া হয়। তবে এবার টেবিলে বৈচিত্র্য আনতে রান্না করতে পারেন ব্রিটিশ আমলের বিখ্যাত পদ ‘মাটন ডাকবাংলো’। ডিম আর আলুর যুগলবন্দীতে তৈরি এই মাংসের পদটি যেমন লোভনীয়, তেমনি এর রান্না করার পদ্ধতিও বেশ সহজ।

নিচে এর পুরো প্রণালী ও প্রয়োজনীয় উপকরণের তালিকা দেওয়া হলো…

প্রয়োজনীয় উপকরণ

খাসির মাংস: ১.৫ কেজি
পেঁয়াজ কুচি: ৪-৫টি
টমেটো: ২টি
আদা ও রসুন বাটা: ৩ টেবিল চামচ
কাশ্মীরি মরিচ গুঁড়া: ১ টেবিল চামচ
হলুদ গুঁড়া: ১ চা চামচ
সাধারণ মরিচ গুঁড়া: ১ চা চামচ
ধনে গুঁড়া: ১ চা চামচ
জিরা গুঁড়া: ১ চা চামচ
আস্ত কাঁচামরিচ: ৪-৫টি
ডিম: ৪-৫টি (সেদ্ধ করা)
ছোট আলু: ৪-৫টি
লেবুর রস: ১ টেবিল চামচ
ধনেপাতা কুচি: ২ টেবিল চামচ
তেল ও লবণ: পরিমাণমতো

বিজ্ঞাপন

বিশেষ ভাজা মসলার জন্য

ছোট এলাচ ৪টি, লবঙ্গ ৪টি, জায়ফল ১ টুকরো, জয়ত্রী ১ টুকরো, গোলমরিচ ১ চা চামচ, আস্ত জিরা ১ চা চামচ, আস্ত ধনে ১ চা চামচ, তেজপাতা ২টি এবং শুকনা মরিচ ২টি। এই সবগুলো উপাদান তেল ছাড়া শুকনো কড়াইতে হালকা ভেজে (টেলে) গুঁড়া করে নিন।

রান্না করার সহজ ধাপগুলো…

মাংসের ম্যারিনেশন: খাসির মাংস ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিন। এরপর একটি পাত্রে মাংস নিয়ে লেবুর রস, আদা-রসুন বাটা, ধনে-জিরা গুঁড়া, কাশ্মীরি মরিচ গুঁড়া এবং স্বাদমতো লবণ দিয়ে ভালো করে মেখে ১ ঘণ্টা ঢেকে রাখুন।

ডিম ও আলু ভাজা: কড়াইতে তেল গরম করে সামান্য হলুদ ও লবণ মাখিয়ে সেদ্ধ ডিম এবং আলুগুলো সোনালী করে ভেজে আলাদা তুলে রাখুন। একই সাথে টমেটো দুটি ব্লেন্ডারে পেস্ট করে নিন।

মসলা কষানো: আলু ও ডিম ভাজার তেলে প্রয়োজন হলে আরেকটু তেল যোগ করে পেঁয়াজ কুচি সোনালী করে ভাজুন। পেঁয়াজ নরম হলে আদা-রসুন বাটা ও টমেটো পেস্ট দিয়ে নাড়তে থাকুন। মসলার কাঁচা ভাব দূর হলে আগে থেকে তৈরি করে রাখা বিশেষ ভাজা মসলাটি দিয়ে ভালো করে কষিয়ে নিন।

মাংস রান্না: কষানো মসলায় ম্যারিনেট করা খাসির মাংস ঢেলে দিন। মাঝারি আঁচে ১৫-২০ মিনিট মাংসটি ভালো করে কষাতে থাকুন। মাংস থেকে তেল ছেড়ে দিলে ভেজে রাখা আলু দিয়ে ঢাকনা বন্ধ করে দিন।

ডিম যোগ ও দমে রাখা: মাংস ও আলু পুরোপুরি সেদ্ধ হয়ে ঝোল মাখামাখা হয়ে এলে ভেজে রাখা ডিমগুলো ওপর থেকে দিয়ে দিন। নামানোর আগে আস্ত কাঁচামরিচ ও ধনেপাতা কুচি ছড়িয়ে ৫ মিনিট দমে রাখুন।

ব্যাস, তৈরি হয়ে গেল জিভে জল আনা সুস্বাদু মাটন ডাকবাংলো। গরম গরম সাদা ভাত, পোলাও কিংবা পরোটার সাথে এটি পরিবেশন করতে পারেন।

সারাবাংলা/এনএল/এএসজি
বিজ্ঞাপন

আরো