বর্তমানে ঝুম বৃষ্টির দিনে গরম-গরম এক প্লেট খিচুড়ি হলে বাঙালির আর কিছুই লাগে না। তবে সবসময়কার চেনা সবজি বা ভুনা খিচুড়ির স্বাদ বদলে এবার পাতে রাখতেই পারেন ভিন্ন স্বাদের কিছু। রাজস্থানের ঐতিহ্যবাহী ও অত্যন্ত পুষ্টিকর ‘বাজরার খিচুড়ি’ হতে পারে এই বর্ষার সেরা পছন্দ। বাজরা, ডাল এবং খাঁটি ঘিয়ের সুঘ্রাণে তৈরি এই রাজকীয় খাবারটি যেমন সুস্বাদু, তেমনি দীর্ঘক্ষণ পেট ভরিয়ে রাখতেও দারুণ কার্যকরী।
চলুন জেনে নেই, রাজস্থানি বাজরা খিচুড়ি তৈরির সহজ পদ্ধতি…
প্রয়োজনীয় উপকরণ
বাজরা: ১ কাপ
মুগ ডাল ও অড়হর ডাল: আধা কাপ করে
খাঁটি ঘি: ২ টেবিল চামচ
আস্ত জিরা: ১ চা চামচ
হিং: এক চিমটি
আদা ও কাঁচামরিচ কুচি: ১ চা চামচ আদা এবং ২টি মরিচ
গুঁড়ো মসলা: হলুদ ও মরিচ গুঁড়ো (আধা চা চামচ করে)
লবণ ও ধনেপাতা কুচি: স্বাদ ও পছন্দমতো
প্রস্তুত প্রণালি
প্রাথমিক প্রস্তুতি: বাজরা রান্নার অন্তত ৮ ঘণ্টা বা সারা রাত পানিতে ভিজিয়ে রাখতে হবে। রান্নার ঠিক আগে মুগ ও অড়হর ডাল ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রাখুন।
ফোড়ন তৈরি: একটি প্রেসার কুকারে ঘি গরম করে তাতে জিরা ও হিং ফোড়ন দিন। সুঘ্রাণ বের হলে আদা ও কাঁচামরিচ কুচি দিয়ে হালকা ভাজুন।
উপকরণ মেশানো: এবার কুকারে সামান্য হলুদ গুঁড়ো দিয়ে আগে থেকে ভিজিয়ে রাখা বাজরা এবং দুই পদের ডাল ঢেলে দিন। সব উপাদান একসাথে ২-৩ মিনিট ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিন।
রান্না করা: স্বাদ অনুযায়ী লবণ, মরিচ গুঁড়ো এবং পরিমাণমতো পানি যোগ করে প্রেসার কুকারের ঢাকনা আটকে দিন। মাঝারি আঁচে ৫ থেকে ৬টি সিটি ওঠা পর্যন্ত অপেক্ষা করুন।
শেষ ধাপ: কুকারের বাতাস সম্পূর্ণ বের হয়ে গেলে ঢাকনা খুলুন। খিচুড়ি বেশি ঘন মনে হলে সামান্য গরম পানি মিশিয়ে নেড়ে নিতে পারেন। সবশেষে উপর থেকে আরও এক চামচ ঘি এবং ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে নিন।
ব্যস, তৈরি হয়ে গেল ধোঁয়া ওঠা গরম-গরম রাজস্থানি বাজরার খিচুড়ি। বৃষ্টির দিনে পছন্দের আচার, পাঁপড় কিংবা যেকোনো ভাজাভুজির সাথে এটি পরিবেশন করুন।